কাতারের অবকাঠামো ও আবাসন খাতে আরো বিনিয়োগ আসতে পারে। এতে ব্যবসার সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাণিজ্যিক, আবাসিক ও রিটেইল আবাসন খাতেই বিনিয়োগের পরিমাণ বাড়বে। ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কাতার (আইপিএ কাতার) এবং ইওয়াইয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে কাতারের আবাসন খাত ৬ দশমিক ৯ শতাংশ সম্প্রসারিত হয়েছে। এছাড়া দেশটিতে বিভিন্ন বড় অনুষ্ঠানের আয়োজন, ক্রমবর্ধমান প্রবাসী জনসংখ্যা ও বিদেশীদের জন্য আবাসন খাতে বিনিয়োগ উপযোগী আইন প্রণয়নের ফলে আবাসনের চাহিদা বেড়েছে।
অন্যদিকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, কাতার ফ্রি জোন অথরিটি এবং কাতার বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের বিভিন্ন আর্থিক প্রণোদনার কারণে অর্থনৈতিক কার্যকলাপ বাড়বে, ফলে বাণিজ্যিক অফিস স্থাপনের প্রয়োজন আরো বৃদ্ধি পাবে।
এছাড়া দেশটিতে চলতি বছরে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ, ২০২৩ সালে ফর্মুলা ওয়ান, এফআইএনএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ সালে এশিয়ান গেমসের মেগা ইভেন্টের জন্য অবকাশ ও বিনোদন কেন্দ্রিক আবাসন খাত সম্প্রসারিত হবে।
পরিবেশবান্ধব আবাসন খাত গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে কাতার এবং এর কার্বন নিঃসরণ কমাতে উদ্ভাবনী কৌশল গ্রহণ করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২০ সালে আবাসন খাতের মালিকানা, ব্যবহারের শর্ত, নিয়ন্ত্রণ, সুবিধা ও পদ্ধতি সম্পর্কে কাতারের মন্ত্রিপরিষদের ২৮ নম্বর সিদ্ধান্ত এবং আবাসন খাতে ২৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিপ্রেক্ষিতে এ খাতের বাজার সম্ভাবনা আরো প্রসারিত হয়েছে।
কাতার কর্তৃক আবাসন খাতের বিনিয়োগকারীদের প্রদত্ত কিছু সুবিধা হলো স্থায়ী বসবাস, যা বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য নির্দিষ্ট কিছু বাণিজ্যিক কার্যক্রমে বিনিয়োগ করার ক্ষমতা প্রদান করা হয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বরে কাতার সরকার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে, যা আবাসন খাতকে আরো সংগঠিত ও প্রসারিত করার জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রস্তুত করার জন্য নিযুক্ত থাকবে। কাতারের অর্থনৈতিক উন্নয়ন এবং আবাসন খাতের বিকাশ ও উন্নয়নের জন্য এ ধরনের সরকারি নীতিগুলো প্রণয়ন করা হয়েছে।










