লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে পুঁজিবাজারে স্বাভাবিভাবে লেনদেনে ফিরতে যাচ্ছে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। গত বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বিএটিবিসির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৯ মার্চ বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করবে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল বৃহস্পতিবার।
এর আগে আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে বিএটিবিসি।
২০২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ১০ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ টাকা ৭২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৬ টাকা ২৭ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৮ টাকা ১৩ পয়সায়।










