দীর্ঘ ২২ বছর পর যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যস্ততম কনটেইনার বন্দরের স্থান হারাল উত্তর আমেরিকার লস অ্যাঞ্জেলেস। বর্তমানে এ স্থান  যৌথভাবে নিউইয়র্ক ও নিউজার্সি বন্দরের দখলে গিয়েছে। তিন মাস ধরে উভয় বন্দর যৌথভাবে যুক্তরাষ্ট্রের ব্যস্ততম কনটেইনার বন্দর তালিকায় এক নম্বরে রয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস বন্দরের নির্বাহী পরিচালক জিন সেরোকা বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যস্ততম কনটেইনার বন্দরের স্থানটি আমাদের ফিরে পেতে হবে। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত লস অ্যাঞ্জেলেস বন্দরটি দিয়ে প্রতি বছর এক কোটি কনটেইনারের মাধ্যমে মার্কিনদের জন্য খাদ্য সরবরাহ করা হতো। আর এর মাধ্যমে অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ প্রতি বছর ৫০ কোটি ডলার আয় করত। গত আগস্ট থেকে দেশটির পশ্চিম উপকূলের লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরের আমদানি কমতে শুরু করে। গত মাসে লস অ্যাঞ্জেলেসের কার্গো ইউনিট আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ কমেছে। একই সঙ্গে গড়ে পাঁচ বছরে এটি ১৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। এদিকে গত মাসে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক ও নিউজার্সি বন্দরের নির্বাহী পরিচালক রিক কটন বলেন, বন্দর দুটি দিয়ে কার্গো সরবরাহের রেকর্ড অব্যাহত রয়েছে। চলতি বছরের নভেম্বরে উভয় বন্দরে কার্গো ইউনিট আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সিএনএন বিজনেস