অ্যামাজন রেইন ফরেস্টে অবৈধ স্বর্ণপরিশোধনের অভিযোগ উঠেছে ব্রাজিলের একটি শীর্ষ কোম্পানির বিরুদ্ধে। এ বিষয়ে তদন্তের মাঝেই খনিজ সরবরাহ ব্যবস্থা নিয়ে কাজ করে এমন বৈশ্বিক উদ্যোগ রেসপন্সিবল মিনারেলস ইনোসিয়েটিভের (আরএমআই) তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। খবর এপি।

সন্দেহ করা হচ্ছে, মারসাম নামের বৃহৎ প্রতিষ্ঠানটি সহযোগীদের মাধ্যমে বিশ্বের ফুসফুস হিসেবে পরিচিত এ বনে অনুমোদনহীনভাবে স্বর্ণ প্রক্রিয়াকরণ করে থাকে।

প্রতিষ্ঠানটি অ্যাপল ও টেসলার মতো বিশ্বের অনেক বড় প্রতিষ্ঠানকে স্বর্ণ সরবরাহ করে থাকে। কিন্তু আরএমআই থেকে বাদ পড়ায় তারা ক্রেতা হারাবে। 

চলতি বছরের শুরুতে এপির এক অনুসন্ধানে দেখা গিয়েছে, আদিবাসী অঞ্চলগুলো থেকে সাও-পাওলোভিত্তিক একটি প্রতিষ্ঠান অপরিশোধিত স্বর্ণ ক্রয় ও প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত। আর এ প্রতিষ্ঠানের আংশিক মালিকানা রয়েছে ব্রাজিলের বৃহত্তম স্বর্ণ পরিশোধনকারী প্রতিষ্ঠান মারসামের। 

অ্যামাজন থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সংগ্রহে মূখ্য ভূমিকা পালন করেছেন মারসামের সাবেক অংশীদার ডিরসিউ ফ্রেডেরিকো সোব্রিনহো। একটি পৃথক কোম্পানির মাধ্যমে তিনি গত বছর অ্যামাজনের  আদিবাসী ও অন্যান্য সংরক্ষিত এলাকা থেকে স্বর্ণ ক্রয় করেছিলেন। যার মূল্যমান ৩৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

গত বছর ব্রাজিলের ফেডারেল প্রসিকিউটররা সামাজিক ও পরিবেশগত ক্ষতির অভিযোগে স্বর্ণ ক্রয়কারী কোম্পানি এফডি গোল্ড ও অন্য দুটি কোম্পানির বিরুদ্ধে প্রায় ২০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা দায়ের হয়েছিল। মামলাটি বর্তমানে চলমান। 

মারসামের বিরুদ্ধে আনা অভিযোগটি এখনো আদালতে প্রমাণিত হয়নি। এরই মধ্যে আরএমআই থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরামর্শক আন্দ্রে ন্যুনেস বলেন, মারসাম তাদের অভ্যন্তরীণ তদন্তে এফডি গোল্ডের সঙ্গে কোনো ধরনের অবৈধ সংশ্লিষ্টতা খুঁজে পায়নি। তবুও তারা আপিল করার প্রস্তুতি নিচ্ছে।