চলতি অর্থবছর (অক্টোবর, ২০১৯-সেপ্টেম্বর, ২০২০) সব মিলিয়ে ২৫ লাখ টন চাল রফতারি লক্ষ্য নির্ধারণ করেছে মিয়ানমার। দেশটির সরকারি সূত্র সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া ও মিয়ানমার টাইমস।

মিয়ানমার রাইস ফেডারেশনের (এমআরএফ) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে ১০ জানুয়ারির পর্যন্ত এরই মধ্যে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৯ লাখ ৮৬ হাজার ৩৪৫ টন চাল রফতানি হয়েছে। পণ্যটির রফতানি থেকে দেশটি এ সময় ২৮ কোটি ২৯ লাখ মার্কিন ডলার আয় করেছে।

এমআরএফের দেয়া হিসাব অনুযায়ী, ২০১৯ সালের ১ অক্টোবর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত দেশটি সমুদ্রপথে রফতানি করেছে ৮ লাখ ৪২ হাজার ৪২ টন চাল, যা থেকে দেশটির আয় হয়েছে ২৪ কোটি ৫০ হাজার ডলার। স্থলপথে পণ্যটির রফতানি দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ২ টনে, যা থেকে আয় হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ডলার।

২০১৮-১৯ অর্থবছরজুড়ে মিয়ানমার থেকে সব মিলিয়ে ২৩ লাখ ৫০ হাজার টনের বেশি চাল আন্তর্জাতিক বাজারে রফতানি হয়েছিল। আগের অর্থবছরে পণ্যটি রফতানিবাবদ দেশটি ৭০ কোটি ৯৬ লাখ ডলার আয় করেছিল।