চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মুনাফায় বড় পতন দেখেছে এইচঅ্যান্ডএম। রাশিয়া থেকে বেরিয়ে আসার কারণে মুনাফা কমেছে সুইডিশ ফ্যাশন রিটেইল জায়ান্টের।
ফ্রি মালয়েশিয়া টুডের খবর অনুসারে, ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে অন্য পশ্চিমা প্রতিষ্ঠানের মতো এইচঅ্যান্ডএমও রাশিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নেয়। গত মার্চে সংস্থাটি স্টোরগুলোয় বিক্রি বন্ধ করে দিয়েছিল এবং জুলাইয়ে দেশটির কার্যক্রম বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়। যদিও এরপর মজুদ পণ্য বিক্রি করতে সীমিত সময়ের জন্য স্টোরগুলো পুনরায় চালু করার কথাও জানিয়েছে এইচঅ্যান্ডএম।
জুলাই-সেপ্টেম্বর সময়ে সংস্থাটির মুনাফা ৫৩ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনায় (৪ কোটি ৭০ লাখ ডলার) দাঁড়িয়েছে। এ মুনাফার পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৮৯ শতাংশ কম। মুনফা কমায় ব্যয় সংকোচনের পরিকল্পনা করছে সংস্থাটি। এ উদ্যোগের মাধ্যমে মোট ২০০ কোটি সুইডিশ ক্রোনা সাশ্রয় হবে।










