চীনের সাংহাইয়ে কারখানার উৎপাদনক্ষমতা সম্প্রসারণের একটি প্রকল্প সম্পন্ন করেছে ইলোন মাস্কের টেসলা। সাংহাই সরকারি প্লাটফর্ম এক বিবৃতিতে জানায়, এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি তার পরিবেশগত তথ্য প্রকাশের জন্যই প্রকল্পটি সম্পন্ন করেছে।

সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য টেসলা সোমবার থেকে উৎপাদন লাইনের নিরীক্ষা শুরু করেছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

টেসলা তার লক্ষ্য পূরণে সাংহাইয়ের কারখানার উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে। এ কারখানা থেকে প্রতি সপ্তাহে মডেল থ্রি এবং ওয়াইয়ের ২ হাজার ২০০ ইউনিট গাড়ি উৎপাদন করবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে রয়টার্সের অনুরোধ সত্ত্বেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি টেসলা।

গত নভেম্বরে চীন সরকারের সমর্থিত একটি গণমাধ্যমের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি সাংহাইয়ের কারখানায় উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ করতে ১২০ কোটি ইউয়ান (১৭ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা করেছে।

পাশাপাশি কারখানাটিতে আরো চার হাজার কর্মীও নিয়োগ করবে প্রতিষ্ঠানটি। তবে প্রকল্পটি মূলত গত এপ্রিলে শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত তা শেষ করা সম্ভব হয়নি বলেও জানায় ওই গণমাধ্যমটি।