চলতি বছর রাশিয়ায় ৭ কোটি ৯৫ লাখ টন গম উৎপাদন হতে পারে বলে জানিয়েছে মস্কোভিত্তিক কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান আইকেএআর। দেশটিতে উইন্টার হুইটের আবাদ বৃদ্ধির জের ধরে কৃষিপণ্যটির সম্মিলিত উৎপাদন বাড়তে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিজনেস রেকর্ডার।

আইকেএআর আরো জানিয়েছে, চলতি বছর রাশিয়ায় স্প্রিং হুইট উৎপাদন আগের বছরের পর্যায়ে থাকতে পারে। উইন্টার হুইট উৎপাদন বাড়তে পারে। এর জের ধরে দেশটিতে গমের সম্মিলিত উৎপাদনে চাঙ্গা ভাব বজায় থাকবে।

এদিকে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিআর) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সাল শেষে বিশ্বের তৃতীয় শীর্ষ গম উৎপাদনকারী দেশ রাশিয়ায় সব মিলিয়ে ৭ কোটি ৪০ লাখ টন গম উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ২৩ শতাংশ বেশি। বাড়তি আবাদ ও অনুকূল আবহাওয়া এ দুইয়ের জের ধরে গত বছর রাশিয়ার গম উৎপাদন খাতে চাঙ্গা ভাব বজায় ছিল।

২০১৮ সালে রাশিয়ায় আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৮৩ শতাংশ কমে ৭ কোটি ১৬ লাখ ৮৫ হাজার টন গম উৎপাদন হয়েছিল বলে জানিয়েছে ইউএসডিএ। ২০১৭ সালে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ৮ কোটি ৫১ লাখ ৬৭ হাজার টন গম উৎপাদন হয়েছিল।