রাশিয়ার সঙ্গে মূল্যযুদ্ধে জড়িয়ে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সৌদি আরব। এর জের ধরে চলতি বছরের এপ্রিলে পণ্যটির রফতানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে দেয় দেশটি। তবে পরের মাসেই জ্বালানিটির রফতানি কমিয়েছে দেশটি। গত মে মাসে সৌদি আরব থেকে জ্বালানি তেলের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬৫ শতাংশ কমেছে। এ সময়ে এ খাতে দেশটির আয় কমেছে ১ হাজার ২০০ কোটি ডলার। খবর রয়টার্স।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম রেকর্ড কমে গিয়েছিল। এতে পণ্যটির শীর্ষ রফতানিকারক দেশ সৌদি আরব চরম সংকটে পড়ে। এছাড়া মতানৈক্যের জেরে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দেশটি। একদিকে নভেল করোনাভাইরাসের প্রভাবে বৈশ্বিক চাহিদায় ধস, অন্যদিকে চলমান মূল্যযুদ্ধ—সব মিলিয়ে গত ২০ এপ্রিল যুক্তরাষ্ট্রের বাজারে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ব্যারেল (প্রায় ১৫৯ লিটার) অপরিশোধিত জ্বালানি তেল মাইনাস ৩৭ দশমিক ৬৩ ডলারে বিক্রি হয়েছিল।