চলতি বিপণন বর্ষে (অক্টোবর-সেপ্টেম্বর) চীনে সয়াবিনের চাহিদা বাড়বে। জ্বালানি ও পণ্যভিত্তিক বার্তা প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের জরিপে জানানো হয়েছে, এবার দেশটিতে পণ্যটির  চাহিদা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেড়ে ৯ কোটি টনে পৌঁছাতে পারে, যা মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) পূর্বাভাসের তুলনায় ৬ শতাংশ বেশি।

চীনে সবচেয়ে বেশি সয়াবিন ব্যবহার হয় পশুখাদ্য খাতে। আফ্রিকান সোয়াইন ফ্লুর আক্রমণে বিদায়ী বছর দেশটির অনেক পশু, বিশেষ করে শূকর মারা যায়। ফলে দেশটিতে পণ্যটির চাহিদা কমে আসে। তবে কয়েক মাস ধরে এ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দেশটি। চীনের কৃষি ও পল্লী-বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে দেশটিতে পশুখাদ্যের চাহিদা ঊর্ধ্বমুখী। ডিসেম্বরে এ খাতে দেশটির চাহিদা প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ শতাংশ।

উল্লেখ্য, চীন বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ। মোট আমদানি করা সয়াবিনের ৮০ শতাংশ দেশটি পশুখাদ্য হিসেবে ব্যবহার করে।