চলতি বছরের জুনে ভারতের পণ্যদ্রব্যের রফতানি ১৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৭৯০ কোটি ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে আমদানি ৫১ দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৫৮ কোটি ডলারে উন্নীত হয়েছে। ফলে ওই মাসে বাণিজ্যিক ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৩ কোটি ডলার। খবর এএনআই।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারতের পণ্যদ্রব্যের রফতানি দাঁড়িয়েছে ১১ হাজার ৬৭৭ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরের এপ্রিল-জুনে মোট রফতানি ছিল ৯ হাজার ৫৫৪ কোটি ডলার। সে হিসেবে রফতানি বেড়েছে ২২ দশমিক ২২ শতাংশ।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির মোট পণ্যদ্রব্যের আমদানি দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০২ কোটি ডলার। অথচ ২০২১-২২ অর্থবছরের একই সময়ে মোট আমদানি ছিল ১২ হাজার ৬৯৬ কোটি ডলার। সে হিসেবে এক বছরে দেশটির পণ্যদ্রব্য আমদানি ৪৭ দশমিক ৩১ শতাংশ বেড়েছে।
চলতি বছরের জুনে ভারতের মোট বাণিজ্য ঘাটতি ছিল ২ হাজার ৫৬৩ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির বাণিজ্য ঘাটতি ছিল ৭ হাজার ২৫ কোটি ডলার। এ বছরের জুনে পেট্রোলিয়াম বহির্ভূত পণ্যের রফতানি ছিল ৩ হাজার ১২ কোটি ডলার। গত বছরের একই সময়ে রফতানি ছিল ২ হাজার ৮৫৪ কোটি ডলার। সে হিসেবে রফতানি বেড়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ। আবার ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে পেট্রোলিয়াম বহির্ভূত পণ্যের মোট রফতানি ছিল ৯ হাজার ২৪৯ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরে রফতানি ছিল ৮ হাজার ২৬৫ কোটি ডলার। সে হিসেবে এক বছরে রফতানি বেড়েছে ১১ দশমিক ৯২ শতাংশ।
চলতি বছরের জুনে পেট্রোলিয়ামজাত পণ্যের রফতানি ছিল ৯৮ দশমিক শূন্য ১ শতাংশ। ইলেকট্রনিক পণ্য ৫০ দশমিক ৬৬ শতাংশ ও সব টেক্সটাইলের তৈরি পোশাক শিল্প রফতানি ছিল ৪৪ দশমিক ৬৭ শতাংশ। ওই মাসে মূলত এ পণ্যগুলোর রফতানি ঊর্ধ্বমুখী ছিল। তবে ওই মাসে প্রকৌশল পণ্যের রফতানি কমেছে।
এ বিষয়ে ইইপিসি ইন্ডিয়ার চেয়ারম্যান মহেশ দেশাই বলেন, মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। এতে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত হয়েছে। যুদ্ধের কারণে প্রকৌশল পণ্যের রফতানি ব্যাহত হয়েছে। জুনে গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ১ দশমিক ৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১৪ কোটি ডলারে। গত বছর জুনে রফতানি ছিল ৯২৯ কোটি ডলার।
মহেশ দেশাই বলেন, বৈশ্বিক অনিশ্চয়তা কত দিন থাকে এর ওপর ভবিষ্যৎ পরিস্থিতি নির্ভরশীল। বিশ্ববাজারে পণ্যের দাম অস্থিতিশীল রয়েছে। পাশাপাশি লজিস্টিকস ব্যয়ও অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়া ভূরাজনৈতিক অস্থিরতাও অন্যতম প্রধান আশঙ্কা।
চলতি বছরের জুনে ভারতে পেট্রোলিয়াম বহির্ভূত পণ্যের আমদানি ছিল ৪ হাজার ২৮৪ কোটি ডলার। গত বছর একই সময়ে আমদানি ছিল ৩ হাজার ১৪২ কোটি ডলার। সে হিসেবে এক বছরে আমদানি বেড়েছে ৩৬ দশমিক ৩৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে পেট্রোলিয়াম বহির্ভূত পণ্যের আমদানি ছিল ১২ হাজার ৬৯৫ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরে এপ্রিল-জুন প্রান্তিকে জ্বালানি তেল বহির্ভূত পণ্য আমদানি ছিল ৯ হাজার ৬০৪ কোটি ডলার। সে হিসেবে এক বছরে আমদানি বেড়েছে ৩২ দশমিক ১৮ শতাংশ।









