বিদায়ী বছরে কয়লা উত্তোলনে উল্লম্ফন দেখেছে ভারত। ২০২৩ সালে উত্তোলন বেড়েছে ১২ দশমিক ২৯ শতাংশ। গত ২৫ ডিসেম্বর পর্যন্ত উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টন। সম্প্রতি ভারতের কয়লা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের একই সময়ে ভারতে ৫৯ কোটি ১৬ লাখ ৪০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছিল। ২০২৩ সালে কয়লা প্রেরণের হার ১১ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। উত্তোলন বাড়ায় দেশটির বিদ্যুৎ খাতের জ্বালানি সরবরাহ বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে কয়লা সরবরাহের পরিমাণও আগের বছরের তুলনায় ৮ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫৭ কোটি ৭১ লাখ ১০ হাজার টনে দাঁড়িয়েছে। ২০২২ সালে বিদ্যুৎ উৎপাদনে কয়লা সরবরাহের পরিমাণ ছিল ৫৩ কোটি ২৪ লাখ ৩০ হাজার টন।
তথ্য বলছে, খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও ট্রানজিটে থাকা কয়লাসহ ভারতের মোট কয়লার মজুদ বেড়েছে ২১ দশমিক ৫৭ শতাংশ। ২০২২ সালের ৭ কোটি ৪৯ লাখ থেকে বেড়ে ২০২৩ সালে মজুদ দাঁড়িয়েছে ৯ কোটি ১০ লাখ ৫০ হাজার টনে।










