যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি বিক্রিতে টয়োটাকে ছাড়িয়ে গিয়েছে জেনারেল মোটরস (জিএম)। গত বছর জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির কাছে শীর্ষস্থান হারিয়েছিল জিএম। পরে চলতি বছরের প্রথম নয় মাসে পুনরায় সে অবস্থান পুনরুদ্ধার করল মার্কিন প্রতিষ্ঠানটি। তবে কিছু বিশ্লেষক ও বিনিয়োগকারীদের আশঙ্কা, মন্দার ঝুঁকির কারণে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে বার্ষিক গাড়ি বিক্রি নিম্নমুখী হবে। খবর রয়টার্স।
শিল্প প্রকাশনা অটোমোটিভ নিউজের তথ্য অনুসারে, ১৯৩১ সাল থেকে যুক্তরাষ্ট্রে যানবাহন বিক্রিতে শীর্ষ অবস্থানে ছিল জিএম। সে সময় সংস্থাটি আরেক মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড মোটরকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছিল। তবে গত বছর কভিডজনিত প্রতিবন্ধকতায় উৎপাদন ব্যাহত হওয়ায় টয়োটার কাছে অবস্থান হারিয়েছিল সংস্থাটি।
অটোমোবাইল শিল্প এখন পর্যন্ত সরবরাহ বাধার কারণে গাড়ির ঘাটতি এবং উল্লেখযোগ্য হারে খরচ বাড়ার মুখোমুখি হয়েছে। তবে বিশ্লেষকরা এখন সতর্ক করছেন, আগামী প্রান্তিকগুলোয় চাহিদা ধীর হতে পারে। কারণ ক্রমবর্ধমান সুদ আগামী মাসগুলোয় গাড়ি ও ট্রাকের জন্য ঋণ গ্রহণে গ্রাহকদের নিরুৎসাহিত করছে।
হুন্দাই মোটর উত্তর আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা র্যান্ডি পার্কার এক সাক্ষাত্কারে বলেন, আমাদের গাড়ি বিক্রি বাড়া নিয়ে সতর্কতার সঙ্গে আশাবাদী। বাজারে অনেক নেতিবাচক মনোভাব রয়েছে। এজন্য আমরা অবশ্যই এটি নিয়ে উদ্বিগ্ন। বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়াভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিক্রি ৩ শতাংশ বেড়েছে।
জিএম জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে ৫ লাখ ৫৫ হাজার ৫৮০ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি। ২০২১ সালের এ সময়ে কভিডজনিত প্রতিবন্ধকতায় উৎপাদন ব্যাহত এবং মজুদ কমে যাওয়ায় সংস্থাটির গাড়ি বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। একই সময়ে টয়োটা ৫ লাখ ২৬ হাজার ১৭ ইউনিট গাড়ি বিক্রির কথা জানিয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ কম। তৃতীয় প্রান্তিকের পাশাপাশি চলতি বছরের প্রথম নয় মাসের হিসাবেও টয়োটাকে ছাড়িয়ে গিয়েছে জিএম। এ সময়ে মার্কিন গাড়ি নির্মাতা টয়োটার চেয়ে প্রায় ৮০ হাজার ইউনিট বেশি গাড়ি বিক্রি করেছে। এর আগে গত বছর প্রায় ১ লাখ ১০ হাজার ইউনিট বেশি গাড়ি বিক্রি করে যুক্তরাষ্ট্রের বাজারে নেতৃত্ব দিয়েছিল জাপানি প্রতিষ্ঠানটি।
২০২১ সালের জয়ের কথা উল্লেখ করে টয়োটা প্রেসিডেন্ট আকিও টয়োডা গত সপ্তাহে ডিলারদের জানিয়েছিলেন, পরিসংখ্যান ঘোষণা করার সময় তিনি অফিসে নেচেছিলেন। ওয়ার্ডস ইন্টেলিজেন্সের ডাটা অনুসারে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ১১ লাখ ১০ হাজার ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। চলতি বছরের এখন পর্যন্ত মোট বিক্রীত গাড়ির সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৯০ হাজার ইউনিট।
জিএম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে মোট গাড়ি বিক্রিতে সংস্থাটির হিস্যা ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। উচ্চ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সংস্থাটি তার শেভ্রোলেট বোল্ট বিদ্যুচ্চালিত মডেলগুলোর উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। ভোক্তাদের কাছে গাড়ির সরবরাহও কিছু প্রতিষ্ঠানের জন্য আরেকটি মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার তুলনায় গাড়ি বিক্রি করতে ব্যর্থ হওয়ায় টেসলার শেয়ারদরে পতন হয়েছে। উৎপাদন শেষ হলেও লজিস্টিকস বাধার কারণে সময়মতো গাড়ির সরবরাহ করতে হিমশিম খাচ্ছে টেসলার মতো কিছু প্রতিষ্ঠান। সরবরাহ সম্পর্কিত সমস্যার কারণে ইতালীয় নির্মাতা ফিয়াট ক্রাইসলারের গাড়ি বিক্রি ৬ শতাংশ কমে গিয়েছে।
গত সপ্তাহে ব্যবহূত গাড়ির খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কারম্যাক্স যানবাহন বিক্রিতে সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে আখ্যায়িত করেছে। আরেক প্রতিষ্ঠান ট্রুকারের বিশ্লেষক জ্যাক ক্রেল বলেন, অর্থনৈতিক অবস্থা, ক্রমবর্ধমান সুদের হার এবং যানবাহনের প্রাপ্যতা চলতি প্রান্তিকে সরবরাহ ও চাহিদায় ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে।










