সানফ্রান্সিসকো ও নিউইয়র্কের ৫০০ করপোরেট কর্মী ছাঁটাই করছে গ্যাপ। বিক্রি কমে যাওয়ায় ব্যয় সংকোচনের অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে মার্কিন খুচরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে।

এপির খবর অনুসারে, সানফ্রান্সিসকোভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে বিক্রি বাড়ানো নিয়ে হিমশিম খাচ্ছে। সংস্থাটি নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি ওল্ড নেভি, ব্যানানা রিপাবলিক ও অ্যাথলেটা চেইনও পরিচালনা করে। কভিড মহামারী ও সরবরাহ ব্যবস্থা প্রতিবন্ধকতার কারণে খুচরা বিক্রেতাদের ওপরও প্রভাব পড়েছে। সময়মতো পণ্য না পাওয়া, অতিরিক্ত দাম ও উচ্চ পরিবহন ব্যয়ের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানগুলো।

গত সপ্তাহে গ্যাপ ও মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্ট অংশীদারত্ব ভেঙে দিয়েছে। শিল্পীর পোশাক চেইন ইয়েজির সঙ্গে দুই বছর আগে ধুমধাম করে অংশীদারত্ব ঘোষণা করেছিল গ্যাপ।

সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত জানুয়ারির শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রায় ৯৭ হাজার কর্মী ছিলেন। তাদের মধ্যে ৯ শতাংশ কিংবা প্রায় ৮ হাজার ৭০০ জন করপোরেট অফিসে কাজ করেন।

এর আগে ওয়ালমার্ট, বেস্ট বাই ও পেলোটনের মতো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এ প্রতিষ্ঠানগুলোও বিক্রি কমে যাওয়ায় খরচ কমানোর উদ্যোগের কথা জানায়। নিউ জার্সিভিত্তিক গৃহস্থালি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বেড বাথ অ্যান্ড বিয়ন্ড চলতি মাসের শুরুতে ১৫০ নামি দোকান বন্ধের ঘোষণা দেয়। পাশাপাশি ২০ শতাংশ কর্মী সংখ্যাও কমিয়ে দেয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।

গ্যাপের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা বব মার্টিন আগস্টে বলেছিলেন, প্রতিষ্ঠানের মুনাফা বাড়াতে পরিচালন ব্যয় কমানোর পরিকল্পনা করা হচ্ছে। গত জুলাইয়ে সংস্থাটির সিইও সোনিয়া সিনগাল পদত্যাগের পর এ দায়িত্ব পালন করছেন বব মার্টিন।

৩০ জুলাইয়ে শেষ হওয়া তিন মাসে গ্যাপের নিট বিক্রি ৮ শতাংশ কমে গিয়েছে। আলাদাভাবে গ্যাপ ব্র্যান্ডের বিক্রি ১০ শতাংশ ও ওল্ড নেভির বিক্রি ১৩ শতাংশ কমে গিয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্নআয়ের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় একসময় শক্তিশালী বিক্রি প্রবৃদ্ধির রেকর্ড করা ওল্ড নেভির বিক্রি নিম্নমুখী হয়েছে।

যদিও এ সময়ে ব্যানানা রিপাবলিকের বিক্রি ৯ শতাংশ এবং  অ্যাথলেটার বিক্রি ১ শতাংশ বেড়েছে। এ সময়ে সংস্থাটি ৪ কোটি ৯০ লাখ ডলার লোকসানের মুখোমুখি হয়েছে। যেখানে গত বছরের এ সময়ে ২৫ কোটি ৮০ লাখ ডলার মুনাফা করেছিল গ্যাপ ইনকরপোরেটেড।