পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণিল উৎসব। উত্তরা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অধীনস্থ হেরিটেজ ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী এই উৎসব পরিচালিত হয়। ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় এই বর্ণিল উৎসবের শুভ উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা ও উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোসামী।
উৎসবের উদ্বোধন কালে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, বসন্ত এলে নতুন জীবনের আনন্দে মেতে ওঠে প্রকৃতি নিজেও। নতুন পাতা, ফুল, দখিনা বাতাস— এসবই যেন প্রকৃতির প্রেমের প্রকাশ। বসন্ত এসেই যেন নতুন করে সাজিয়ে তোলে এই বসুধাকে। একইরকমভাবে সেজেছে আজ উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এবং ক্যাম্পাসের প্রাণ আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি চাই প্রকৃতির সাথে সাথে আমার প্রিয় শিক্ষার্থীদের মন-মানসিকতা প্রকৃতির মতোই নতুন সাজে সেজে সতেজ ও সুন্দর থাকুক সবসময়। ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় উত্তরা ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর ও বাংলা বিভাগের চেয়ারম্যান সামজীর আহমেদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় দুদিন ব্যাপী এই বর্ণিল উৎসব।- বিজ্ঞপ্তি










