দক্ষিণ কোরিয়ায় ‘ঘানা’র চকোলেট বিক্রি ৪৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। কে-পপের দেশে ঘানার চকোলেটের আকস্মিক জনপ্রিয়তার কারণ বিশ্বকাপ ফুটবল! কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ঘানা নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে যায়। এ ম্যাচে ঘানা পরাজিত হওয়ায় কোয়ার্টার ফাইনালে যেতে সুবিধা হয়েছে দক্ষিণ কোরিয়ার। এ কারণে ঘানার চকোলেট বিক্রির পরিমাণ আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জিএস রিটেইল জানায়, জিএস২৫ নামে তাদের পরিচালিত কনভেনিয়েন্স স্টোরে ৩ ডিসেম্বর ঘানার চকোলেট বিক্রি ১৮ নভেম্বরের তুলনায় ৪৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বিজিএফ রিটেইল পরিচালিত সিইউর মতো অপরাপর কনভেনিয়েন্স স্টোরেও ছুটির দিনে ঘানার চকোলেট বিক্রি ৩২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সিইউ আরো জানায়, এ সময় পানীয় ও হালকা খাবারের পণ্য বেশি বিক্রি হওয়ায় তাদের আয় বেড়েছে।
গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত ঘানা-উরুগুয়ের ম্যাচে উরুগুয়ে যদি আর একটি গোল বেশি দিতে পারত তাহলে দক্ষিণ কোরিয়ার পরিবর্তে উরুগুয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে পারত।










