ব্যয় কমানোর বিভিন্ন ধরনের উপায় খুঁজছে সুইজারল্যান্ডের বহুজাতিক ব্যাংক ক্রেডিট সুইস। গত কয়েক দিনে গ্রাহক সংখ্যা এবং কর্মকাণ্ডে ধীরগতির প্রভাব বেশ চাপে ফেলেছে ব্যাংকটির আয়কে। এ কারণে দ্রুত ব্যয় কমাতে চায় আর্থিক প্রতিষ্ঠানটি।

ব্যয় সংকোচনের জন্য ক্রেডিট সুইস যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম হলো কর্মী ছাঁটাই। এর আগে প্রথম দফায় ব্যয় সংকোচনে যে পরিমাণ কর্মী ছাঁটাই করা হয়েছিল, এবার তার চেয়েও বেশি কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। মূলত সম্পদ ব্যবস্থাপনা খাত থেকে বেশি কর্মী ছাঁটাই করা হবে বলে কয়েকটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।

এশিয়ান ফাইন্যান্সিয়াল হাব হিসেবে পরিচিত হংকংয়ের প্রাইভেট ব্যাংকিং ব্যবস্থাপনা খাত থেকে ৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে ক্রেডিট সুইস। মূলত ছোট ও মধ্যম পর্যায়ে কাজ করা কর্মীরা এ দফায় চাকরি হারাবেন। চীনের সম্পদ ব্যবস্থাপনায় জড়িত ছিলেন এমন কর্মীরাই হংকং থেকে চাকরিচ্যুত হবেন। যদিও এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্রেডিট সুইসের দায়িত্বশীল কর্তৃপক্ষ।

হংকং ছাড়াও এশিয়ায় ক্রেডিট সুইসের সম্পদের আরেকটি বড় ক্ষেত্র হলো সিঙ্গাপুর। তবে ছাঁটাইয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত হংকংয়ের নামটিই বেশি আসছে।

এর আগে গত অক্টোবরে ক্রেডিট সুইস জানিয়েছিল, ২০২৫ সাল নাগাদ খরচ কমিয়ে আনতে চায় প্রতিষ্ঠানটি। এ সময়ের মধ্যে ২৬৮ কোটি ডলার খরচ কমিয়ে খরচের পরিমাণ ১ হাজার ৪৫০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্রেডিট সুইস রয়টার্সকে জানিয়েছে, আগের পরিকল্পনা অনুযায়ী ব্যয় সংকোচনে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এজন্য স্পষ্ট পরিকল্পনা অনুসরণ করা হচ্ছে। চলতি বছরের চতুর্থ প্রান্তিক থেকে কর্মী ছাঁটাই শুরু হবে। অক্টোবরে ব্যাংকটি জানিয়েছিল মোট ৫২ হাজার কর্মীর মধ্যে নয় হাজার জনকে চাকরি হারাতে হবে। এর মধ্যে চতুর্থ প্রান্তিকে ২ হাজার ৭০০ কর্মীকে চাকরিচ্যুত করা হতে পারে।

এসবের পাশাপাশি পরিচালন নীতির ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনতে চলেছে ক্রেডিট সুইস। ব্যাংকটি মূলত ধনী গ্রাহকদের সেবা দিতে চায়। ফলে সে অনুযায়ীই ধীরে ধীরে নানা ধরনের পরিবর্তন আনা হচ্ছে।