ব্রাসেলসের ‌এভিনিউ লুইসে নিলামঘর ক্রিস্টিজ প্রদর্শিত হচ্ছে বেলজিয়ামের অন্যতম বৃহৎ প্রাইভেট আর্ট কালেকশন, যা শিগগিরই নিলামে উঠতে যাচ্ছে। দেশটির ইজেগেম শহরের শিল্পপ্রেমী দম্পতি রজার ও জোসেত ভ্যানথুরনাউটের এ সংগ্রহের আনুমানিক মূল্য ৫ কোটি ইউরো বা ৫ কোটি ৪০ লাখ ডলারের সমপরিমাণ।

প্রয়াত এ দম্পতি কয়েক দশক ধরে বেলজিয়ামের সবচেয়ে বড় ব্যক্তিগত শিল্পসংগ্রহগুলোর একটি গড়ে তুলেছিলেন। একসময় নামি শিল্পকর্ম মেলায় তাদের উপস্থিতি ছিল সাধারণ বিষয় এবং শিল্পী, ডিলার ও গ্যালারি থেকে সরাসরি শিল্পকর্ম কিনতেন রজার ও জোসেত। তাদের সংগ্রহে রয়েছে পাবলো পিকাসো, ম্যাক্স আর্নস্ট, রেনে ম্যাগ্রিত, হেনরি মুর, গুস্তাভ দ্য স্মে ও পানামারেনকোর মতো শিল্পীদের কাজ।

২০০৫ সালে রজারের মৃত্যুর পর সংগ্রহের ২৭টি শিল্পকর্ম নিউইয়র্কে নিলামে তোলে সদবি’স। সেখানে ফ্রান্সিস বেকনের একটি চিত্রকর্ম ১ কোটি ৫০ লাখ ডলারে বিক্রি হয়। ক্রিস্টি’জের শিল্প বিশেষজ্ঞ পিটার ভ্যান ডর গ্রাফ বলেন, ‘গত বছর জোসেত প্রয়াত হওয়ার পর এবার আমরা সংগ্রহের দ্বিতীয় ও সবচেয়ে বড় অংশটি নিলামে তুলছি।’

এবারের নিলামের অন্যতম আকর্ষণ হলো বেলজিয়ামের পরাবাস্তববাদী রেনে ম্যাগ্রিতের লা প্লেন দ্য লেয়ার (১৯৪০), যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৪ থেকে ৬৩ লাখ ইউরো। এছাড়া পিকাসোর নু দ্যবু আ ফাম আসিজ (১৯৩৯) এবং হেনরি মুরের গসলার ওয়ারিয়র (১৯৭৩) ক্রেতা আকর্ষণের শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

ভ্যান ডর গ্রাফ বলেন, ‘একেবারেই বেলজিয়ান ধাঁচের সংগ্রহ নিলামে উঠছে। শিল্প হয়তো বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজন নয়। কিন্তু বেলজিয়ানদের কাছে শিল্পের সঙ্গে বসবাসও নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন।’

নিলামের জন্য বাছাইকৃত শিল্পকর্মগুলো বর্তমানে ব্রাসেলসের এভিনিউ লুইসের ক্রিস্টি’জ আউটলেটে প্রদর্শিত হচ্ছে। এরপর কালেকশন তিন মহাদেশের তিন বড় শহর হংকং, নিউইয়র্ক ও প্যারিসে প্রদর্শনের জন্য যাবে। সবশেষে মার্চে লন্ডনে অনুষ্ঠিত হবে নিলাম।

খবর ও ছবি বেলগা নিউজ