ভারতের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী কোম্পানি জেএসডব্লিউ স্টিল। ২০১৯-২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুম্বাইভিত্তিক কোম্পানিটি মোট ৪০ লাখ ২০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ কম। খবর পিটিআই।
জেএসডব্লিউ স্টিল জানিয়েছে, আগের অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি ৪২ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল। সে হিসেবে এক বছরের ব্যবধানে ধাতবপণ্যটি উৎপাদন ২ লাখ ১০ হাজার টন কমিয়েছে কোম্পানিটি।
এ সময়ে ২৮ লাখ ৬০ হাজার টন ফ্ল্যাট রোলড জাতীয় পণ্য উৎপাদন করেছে কোম্পানিটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কম। একই সময়ে লং রোলড পণ্যের উৎপাদন ১৪ দশমিক ৪ শতাংশ কমে ৮ লাখ ৯০ হাজার টনে নেমেছে।









