বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ গ্রাউন্ড করেছে ইউনাইটেড এয়ারলাইনস। বোয়িং ৭৭৭-২০০ নামের কয়েকটি উড়োজাহাজের সামনের ডানার পর্যাপ্ত পরিদর্শন না হওয়ায় সেগুলো দিয়ে ফ্লাইট পরিবহন বন্ধ রাখা হয়েছে। খবর এপি।

উড়োজাহাজগুলো গ্রাউন্ডেডের কারণে ১৮টি ফ্লাইটও বাতিল করতে হয়েছে ইউনাইটেড এয়ারলাইনসকে। গত সোম ও মঙ্গলবার এ ফ্লাইটগুলো বাতিল করা হয় বলে জানায় মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।

তবে বোয়িং ৭৭৭-২০০-এর গ্রাউন্ডেডের ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরের শুরুতে উড়োজাহাজটির প্র্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিনে সমস্যার কারণে গ্রাউন্ড করা হয়েছিল। ফ্লাইটগুলো বন্ধ হওয়ায় আটকে পড়া যাত্রীদের পুনরায় টিকিট বুক করে ভ্রমণের সুযোগ দেয়ার চেষ্টা করছে ইউনাইটেড এয়ারলাইনস।

এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ইউনাইটেড এয়ারলাইনস ২৫টি উড়োজাহাজকে গ্রাউন্ড করেছে। উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের সময় ডানার স্ল্যাটগুলোর প্রয়োজনীয় পরীক্ষা করা না হওয়ায় সেগুলো বসিয়ে রাখা হয়েছে। এ সমস্যা ইউনাইটেড এফএএকে জানিয়েছে।

ইউনাইটেড এয়ারলাইনস জানায়, প্রতিষ্ঠানটি ১০টি উড়োজাহাজ পরিদর্শন করেছে। পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট বাতিল না করে আগামী দুই সপ্তাহের মধ্যে বাতিল              হওয়া ফ্লাইটগুলো চালুর জন্য এফএএর সঙ্গে কাজ করছে।