বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতায় আন্তর্জাতিক বাজারে তামাসহ অন্যান্য ব্যবহারিক ধাতুর দাম গত সপ্তাহের লেনদেনের শেষ দিনে কমেছে। এছাড়া ডলারের বিনিময় হার বৃদ্ধিও ধাতুপণ্যের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসে সরবরাহ চুক্তিতে গত শুক্রবার তামার দাম ২ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় টনপ্রতি ১৩ হাজার ৩১৯ ডলার ৫০ সেন্টে।
চলতি মাসের এ পর্যন্ত তামার দাম ৭ শতাংশ বেড়েছে। স্টোনএক্সের বিশ্লেষক ন্যাটালি স্কট-গ্রে এক নোটে বলেন, ‘বছরের শুরুতে তামার দামের রেকর্ড উত্থান বাজারের মৌলিক চাহিদা-সরবরাহ পরিস্থিতি দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যাচ্ছে না। তাই দীর্ঘমেয়াদে প্রতি টন তামার দাম ১৩ হাজার ডলারের ওপরে অবস্থান করা সম্ভব নয়।’
এলএমইতে অন্যান্য ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ৩ হাজার ১৪২ ডলারে নেমেছে। এ সময় প্রতি টন দস্তার দাম স্থির হয়েছে ৩ হাজার ৩৭২ ডলারে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কম। সিসার দাম দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ৫ ডলার ৫০ সেন্টে নেমেছে। টিনের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমে হয়েছে টনপ্রতি ৫২ হাজার ৬৫৫ ডলারে।










