নিজস্ব পাম অয়েল উৎপাদনকারীদের সুরক্ষার স্বার্থে নানামুখী উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর অংশ হিসেবে ভোজ্যতেলটির আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন।

ভারত বিশ্বের শীর্ষ পাম অয়েল আমদানিকারক দেশ। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বাজার থেকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ পাম অয়েল আমদানি করে ভারতীয় আমদানিকারকরা। আগে আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত পাম অয়েল আমদানি করতে ভারতীয় আমদানিকারকদের ৩৭ দশমিক ৫ শতাংশ হারে আমদানি শুল্ক দিতে হতো।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে অপরিশোধিত পাম অয়েল আমদানির এ শুল্ক হার হবে ৪৪ শতাংশ। সেই হিসাবে, ভোজ্যতেলটির আমদানি শুল্ক বাড়ানো হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। দেশীয় উৎপাদনকারীদের সুরক্ষার স্বার্থে এর আগেও পাম অয়েলের আমদানি শুল্ক কয়েক দফা বাড়িয়েছে দেশটি।

এখন পাম অয়েলের আমদানি ব্যয় বেড়ে যাওয়ার জের ধরে ভারতীয় আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে পণ্যটির পরিবর্তে সয়াবিন তেল কিংবা সূর্যমুখী তেল আমদানি বাড়িয়ে দিতে পারেন।