চলতি বছরের মে মাসে সৌদি আরবের শিল্পোৎপাদন সূচক গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। মূলত উৎপাদন, খনিজ এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ—এ তিন খাতে উৎপাদন বাড়ার কারণে দেশটির শিল্পোৎপাদন সূচক এ বছর ঊর্ধ্বমুখী ছিল। খবর আরব বিজনেস।
কভিড-১৯ মহামারীর প্রকোপ কাটিয়ে সম্প্রতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে সৌদির শিল্পোৎপাদন খাত। সম্প্রতি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের (গ্যাস্ট্যাট) তথ্য বলছে, গত তিন বছরের তৃতীয় সর্বোচ্চ উৎপাদন ছিল এবার।
এক প্রতিবেদনে গ্যাস্ট্যাট জানায়, দীর্ঘ সময় পর গত বছরের মে মাসে শিল্পোৎপাদন সূচক প্রবৃদ্ধির মুখ দেখে। এরপর বছরজুড়েই শিল্পোৎপাদন সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। খনিজ খাতে উৎপাদন বেড়েছে প্রায় ২৩ দশমিক ৩ শতাংশ।
চলতি বছরের এপ্রিলের তুলনায় মে মাসে সৌদির শিল্পোৎপাদন সূচক ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এছাড়া আগের মাসের তুলনায় মে মাসে খনিজ খাতে উৎপাদন বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ।









