তুরস্কের পর্যটন খাতের পুনরুদ্ধার অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে দেশটিতে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।
তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারি-আগস্ট সময়ে ২ কোটি ৯৩ লাখ বিদেশী পর্যটক তুরস্ক ভ্রমণ করেছেন। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১০৮ দশমিক ৫ শতাংশ বেশি। ২০২১ সালের এ সময়ে ১ কোটি ৪১ লাখ বিদেশী পর্যটক পেয়েছিল দেশটি। ২০২০ সালে এ সংখ্যা ৭২ লাখ এবং ২০১৯ সালে ৩ কোটি ১০ লাখ ছিল।
তুরস্কের সবচেয়ে বিখ্যাত ও জনসংখ্যার দিক থেকে বৃহত্তম শহর ইস্তানবুল। বিদেশী দর্শনার্থীর শীর্ষ গন্তব্যও ছিল শহরটি। এ সময়ে ইস্তানবুল ১ কোটি ২ লাখ বিদেশী পর্যটক আকর্ষণ করেছিল। পর্যটক সংখ্যায় এর পরই রয়েছে রিসোর্ট শহর আন্টালিয়া। শহরটিতে ৮৬ লাখ দর্শনার্থী ভ্রমণ করেছেন। ৩১ লাখ দর্শনার্থী নিয়ে তৃতীয় অবস্থানে আছে এডিরন শহর।
বিদেশে বসবাসকারী তুর্কি নাগরিকদের এ গণনায় যুক্ত করা হলে জানুয়ারি-আগস্টে দর্শনার্থীর সংখ্যা দাঁড়ায় ৩ কোটি ২৫ লাখে।










