এশিয়ার বিনিয়োগ ব্যাংকারদের বার্ষিক বোনাস ৫০ শতাংশ পর্যন্ত কাটার পরিকল্পনা করছে মরগান স্ট্যানলি। পরিকল্পনার সঙ্গে যুক্ত
দুজন এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানের কঠিন বাজার পরিস্থিতির কারণে রাজস্ব আয়ে পড়া প্রবল চাপ সামলানো এবং খরচে লাগাম টানতে এমন সিদ্ধান্ত নিয়েছে ওয়াল স্ট্রিট ব্যাংকটি। খবর রয়টার্স।
এশিয়া থেকে এখন যেভাবে অর্থ কমানোর কথা বলা হচ্ছে তেমনই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতেও নেয়া হতে পারে। এভাবে বোনাসের অর্থ কমিয়ে দেয়া হলে তা ২০২১ সালের তুলনায় অনেকটাই ভিন্ন হবে। কারণ গত বছর প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যাংকাররা বিশ্বব্যাপী ২০ শতাংশ বাড়তি বোনাস পেয়েছিল।
এশিয়ায় বোনাস কমানোর এ সিদ্ধান্ত নিয়ে সারা বিশ্বে মরগান স্ট্যানলি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে জ্ঞাত তৃতীয় একজন বলেছেন, ধারণা করা হচ্ছে এশিয়াজুড়ে গড়ে ৩০ শতাংশ বোনাস কমানো হতে পারে। আর সব বিনিয়োগ ব্যাংকিং টিম ও বাজারে এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে।
প্রথম দুটি সূত্র জানিয়েছে, কম টাকা প্রদান করা হলে ব্যাংকারদের মোট পারিশ্রমিক ৩০ শতাংশ কমে যাবে। যদিও ব্যাংকারদের বোনাস কেটে নেয়ার বিষয়টি কিছুটা অনুমিতই ছিল। তবে প্রথমবারের মতো এবারই তা যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতেও ছড়িয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে।
ব্যাংকারদের দেয়া বোনাস মোট পারিশ্রমিকের একটি তাত্পর্যপূর্ণ অংশ। এর সঙ্গে কর্মীর কর্মদক্ষতা সম্পৃক্ত। যদিও বোনাস কেটে রাখার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মরগান স্ট্যানলি। এমনকি কোনো মন্তব্যও দেয়নি প্রতিষ্ঠানটি।
বাড়তি সুদহার এবং দুর্বল অর্থনৈতিক পরিবেশের কারণে বিশ্বের অনেক ব্যাংকই চুক্তি করার মতো নানা কার্যক্রম স্থগিত করছে। আগামী বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি মৃদু মন্দায় পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এর ফলেই গত বছর রেকর্ড মুনাফার পর চলতি বছর বিনিয়োগ ব্যাংকগুলোর আয়ে টান পড়েছে। সারা বিশ্বে কভিড-১৯-এর কারণে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর গত বছর বিভিন্ন প্রতিষ্ঠান একীভূতকরণ, অধিগ্রহণ এবং প্রাথমিক গণপ্রস্তাব শেষে এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে মেধাবীদের নিয়োগ ও ধরে রাখার জন্য ওয়াল স্ট্রিটের বিভিন্ন প্রতিষ্ঠান নির্ধারিত বেতনের বাইরে এ ধরনের বোনাসের ওপর নির্ভর করে। যদিও মরগান স্ট্যানলির বড় প্রতিযোগীরাও এখন বোনাস কেটে রাখার পরিকল্পনা করছে।
গোল্ডম্যান স্যাকস গ্রুপের সিনিয়র কর্মীদের জন্যও বোনাস অর্ধেক কমানো হবে বলে শোনা যাচ্ছে। সিটিগ্রুপ ইনক এবং ব্যাংক অব আমেরিকা করপোরেশনও বোনাস ৩০ শতাংশ পর্যন্ত কাটার চেষ্টা করছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।










