জার্মানিভিত্তিক স্পোর্টস কার প্রস্তুতকারক প্রতিষ্ঠান পোরশেতে আরো চার হাজারেরও বেশি কর্মী ছাঁটাই হতে পারে। ব্যবসাবিষয়ক দৈনিক হ্যান্ডেলসব্লাটের প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়। মূল প্রতিষ্ঠান ফক্সওয়াগনের বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ফক্সওয়াগনের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক এক বৈঠকে অটোমোবাইল গোষ্ঠীটির ইতিহাসের সবচেয়ে বড় পুনর্গঠন প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, পোরশে থেকে প্রায় ৪ হাজার ১০০ কর্মী কমানোর কথা বলা হয়েছে। প্যাসেঞ্জার কার ও স্পোর্টস কারের ব্যবসায় বড় ধরনের লোকসান ঠেকাতেই এ পদক্ষেপ।

পত্রিকাটির তথ্যানুযায়ী, এর আগে গত জুলাইয়ে পোরশে ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা হয়। সেখানে আগে নির্ধারিত চার হাজার ছাঁটাইয়ের পাশাপাশি আরো পাঁচ হাজার কর্মী কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। ফক্সওয়াগনের নতুন পরিকল্পনায় ওই নয় হাজারের বাইরে আরো ৪ হাজার ১০০ কর্মী কমানো হবে।

নতুন প্রস্তাব বাস্তবায়ন হলে ২০৩৫ সালের মধ্যে স্টুটগার্টভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতি পাঁচজন কর্মীর মধ্যে অন্তত একজনের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে। এ বিষয়ে ফক্সওয়াগন ও পোরশের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, ফক্সওয়াগন কেবল সুপারিশ করতে পারে, পোরশের ওপর সরাসরি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার একক ক্ষমতা প্রতিষ্ঠানটির নেই।

চীনসহ এশিয়ার বাজারে হঠাৎ গাড়ি বিক্রি কমে যাওয়া ও বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যবসায় লোকসানের কারণে পোরশে বর্তমানে বেশ চাপে রয়েছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাইকেল লাইটার্স এখন ব্যবসায়িক ঘুরে দাঁড়ানোর কৌশল তৈরিতে বাধ্য হচ্ছেন। এর জের ধরে সম্প্রতি ফক্সওয়াগন চলতি বছরের মুনাফার লক্ষ্যমাত্রাও কমিয়ে আনছে।