বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গতকাল বান্দরবান জেলা শাখা কার্যালয়ে ‘গৃহঋণ সেবা ক্যাম্পেইন ২০২৩’ আয়োজন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। 

ক্যাম্পেইনে জানানো হয়, শহর ও গ্রামের মানুষের কাছে গৃহঋণ সেবা পৌঁছে দেয়া হলো এ প্রতিষ্ঠানের মূল কাজ। ফ্ল্যাট ক্রয় ও বাড়ি নির্মাণে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। কৃষকদের জন্য ঋণের সুদহার আরো কম মাত্র ৭ শতাংশ। বিএইচবিএফসির ঋণের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর সুদ কম এবং ঋণের সুদও সরল। অর্থাৎ সুদের ওপর সুদ আদায় করে না সরকারি এ প্রতিষ্ঠানটি। ঋণের মেয়াদ সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত।

স্বল্প আয়ের বিভিন্ন পেশাজীবীদের স্বপ্নের গৃহনির্মাণে সহায়তার জন্য ‘স্বপ্ননীড়’ নামে একটি সেবা চালু করা হয়েছে। গ্রাহকদের কাছ থেকে এরই মধ্যে স্বপ্ননীড় বেশ ভালো সাড়া পেয়েছে। পাশাপাশি শরিয়াহভিত্তিক বাড়ি নির্মাণ পণ্য ‘মনজিল’ ভালো করছে। এছাড়া প্রতিষ্ঠানটি কৃষক আবাসন, পল্লীমা, ফ্ল্যাট ঋণ, নগরবন্ধু, প্রবাসবন্ধু, আবাসন উন্নয়ন ও মেরামত, ফ্ল্যাট রেজিস্ট্রেশন, জিরো ইকুইটি আবাসন, সরকারি কর্মচারী আবাসন, হাউজিং ইকুইপমেন্ট খাতে ঋণ দিয়ে থাকে। ইউনিয়ন পর্যায়ে গ্রামের মানুষের কাছে এসব সেবা পৌঁছে দিতে কাজ করছে বিএইচবিএফসি।

বিএইচবিএফসি বান্দরবান জেলা ব্যবস্থাপক মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক মো. আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী যোগ্যেন চাকমা, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা প্রমুখ।