সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ শহরের আল মারজান দ্বীপে বিলাসবহুল রিসোর্ট তৈরি করতে যাচ্ছে আবুধাবি ন্যাশনাল হোটেলস কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে এ রিসোর্ট নির্মাণে ১০০ কোটি দিরহাম বা ২৭ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ করবে হোটেল চেইনটি। গতকাল আবুধাবি ন্যাশনাল হোটেলস জানায়, পারস্য উপসাগরকে সামনে রেখে ১০ লাখ বর্গফুটের সাইটটিতে এক হাজার কক্ষ নির্মাণ করা হবে। সরকারের ইতিবাচক পলিসির কারণে কভিড-১৯-এর অভিঘাত থেকে ঘুরে দাঁড়াচ্ছে ইউএইর পর্যটন খাত। গত সপ্তাহে দুবাইয়ের শাসক এবং ইউএইর ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশীদ জানান, চলতি বছরের প্রথমার্ধে পর্যটন খাত থেকে ইউএইর আয় হয়েছে ১ হাজার ৯০০ কোটি ডলার। এ সময়ে বিভিন্ন হোটেলে অতিথির সংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ। গত বছরের একই সময়ের চেয়ে যা ৪২ শতাংশ বেশি। দ্য ন্যাশনাল