জীবনযাত্রার উচ্চব্যয়ের মধ্যে ব্যয়ে লাগাম টেনেছেন মার্কিন ভোক্তারা। নভেম্বরে দেশটিতে খুচরা বিক্রি আগের মাসের তুলনায় দশমিক ৬ শতাংশ কমে গিয়েছে। মূলত উচ্চমূল্য ও ক্রমবর্ধমান সুদের হারের মধ্যে ব্যয়ের ক্ষেত্রে তারা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। খবর এপি।

যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান সংস্থা সেনসাস ব্যুরো জানিয়েছে, মাসভিত্তিক হিসাবে নভেম্বরে খুচরা বিক্রি সংকুচিত হলেও অক্টোবরে ১ দশমিক ৩ শতাংশ বেড়েছিল। গত মাসে আসবাব, ইলেকট্রনিকস এবং গৃহস্থালি তৈজসপত্রের বিক্রি সংকুচিত হয়েছে। প্রায় ১৮ মাস আগে মূল্যস্ফীতি বাড়ার শুরুর পরই মার্কিন নাগরিকদের ব্যয় স্থিতিস্থাপক ছিল। তবে উচ্চ মূল্যস্ফীতির সময়েও ব্যয় চালিয়ে যাওয়ায় তাদের ব্যয়ক্ষমতা কমতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ ধীর হতে শুরু করেছে। চলতি বছরের মাঝামাঝিতে চার দশকের সর্বোচ্চ উচ্চতা থেকে টানা কয়েক মাস এটি ধীর হচ্ছে। গত মাসে দেশটির ভোক্তা মূল্য সূচক এক বছর আগের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে।

গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যান্ড্রু হান্টার বলেন, খুচরা বিক্রি সংকোচনের এ পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, ক্রমবর্ধমান সুদের হার, কর্মসংস্থানের বৃদ্ধি ধীর এবং নিম্নমুখী সঞ্চয় এখন ভোক্তাদের প্রভাবিত করা শুরু করেছে। তবে বছরের শেষ তিন মাসে ভোগ ব্যয় শক্তিশালী গতিতে বাড়তে পারে। যদিও আগামী বছরের শুরুতে এটি পতন হবে।

গত মাসে গাড়ি বিক্রি আগের মাসের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কমেছে। যেখানে ক্রীড়া সামগ্রীর বিক্রি দশমিক ৬ শতাংশ এবং সাধারণ পণ্যের দোকানে বিক্রি দশমিক ১ শতাংশ কমে গিয়েছে। পাশাপাশি অনলাইনেও ভোগ ব্যয় দশমিক ৯ শতাংশ সংকুচিত হয়েছে।