তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে চালু হচ্ছে চতুর্থ রানওয়ে। নতুন রানওয়েটি চালু করা হবে আগামী বৃহস্পতিবার। ফলে বিমানবন্দরটির মোট ল্যান্ডিং স্ট্রিপের সংখ্যা বেড়ে দাঁড়াবে ছয়টিতে। তুরস্কের পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আবদুলকাদির উরালোগ্লু এ তথ্য জানান। তিনি বলেন, ‘‌পূর্ব-পশ্চিমমুখী নতুন রানওয়েটি কংক্রিটের তৈরি। এর দৈর্ঘ্য ২ হাজার ৮২০ মিটার ও প্রস্থ ৪৫ মিটার। ইস্তানবুল বিমানবন্দরে এটিই প্রথম পূর্ব-পশ্চিমমুখী রানওয়ে।’ মন্ত্রী বলেন, ‘‌নতুন রানওয়ের কারণে উড়োজাহাজের ট্যাক্সি ও টার্নঅ্যারাউন্ড সময় কমবে। বিশেষ করে অভ্যন্তরীণ ফ্লাইট ও পূর্বমুখী রুটে এ সুবিধা বেশি পাওয়া যাবে। এতে জ্বালানি ও সময় সাশ্রয় হবে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিমানবন্দরের কার্যক্রম পরিচালনায় নমনীয়তা বাড়বে।’ নতুন রানওয়েটি বিদ্যমান হ্যাঙ্গারগুলোর কাছাকাছি হওয়ায় সাধারণ বিমান চলাচলও দ্রুত পরিচালনা করা যাবে। খবর আনাদোলু