মালয়েশিয়ায় গত মাসের শেষ নাগাদ পাম অয়েলের মজুদ কমে ১১ মাসের সর্বনিম্নে নেমেছে। উৎপাদন ও রফতানিতে বড় পতনকে এজন্য দায়ী করছেন বিশ্লেষকরা। মালয়েশিয়ার জাতীয় পাম অয়েল বোর্ড (এমপিওবি) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাম অয়েল উৎপাদন ও রফতানিতে দেশটি বিশ্বের দ্বিতীয় শীর্ষ। দেশটিতে এপ্রিলের শেষ দিকে মজুদের পরিমাণ ছিল ১৫ লাখ টন। মার্চের তুলনায় মজুদ ১০ দশমিক ৫৪ শতাংশ কমেছে, যা ২০২২ সালের মে মাসের পর সর্বনিম্ন। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো মজুদ কমল।

মুম্বাইভিত্তিক উদ্ভিজ্জ তেলের ব্রোকার প্রতিষ্ঠান সানভিন গ্রুপের গবেষণা প্রধান অনীল কুমার বাগানি বলেন, ‘‌২০২২ সালের এপ্রিলে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ ছিল ১৬ লাখ ৪০ হাজার টন, সে হিসাবেও মজুদ কমেছে।’

এমপিওবি জানায়, এপ্রিলে মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ টন, যা এর আগের মাসের তুলনায় ৭ দশমিক ১৩ শতাংশ কম। অর্থাৎ উৎপাদন ১২ মাসের সর্বনিম্নে নেমেছে। মূলত ঈদুল ফিতরের ছুটির কারণে পাম সংগ্রহের পরিমাণ অনেক কমে যাওয়ায় ‍উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে।

এদিকে দেশটির পাম অয়েল রফতানি এক মাসের ব্যবধানে ২৭ দশমিক ৭৮ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৭০ হাজার টনে। আমদানি কমেছে ১৫ দশমিক ৩ শতাংশ।