বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের সিইও সুমিত পোদ্দার। ২০২৬-২৭ মেয়াদে তারা দায়িত্ব পালন করবেন। গতকাল বিএমবিএর কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ হাফিজ নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

বিএমবিএর নতুন কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হক। কোষাধ্যক্ষ হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসাইন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিএমবিএর নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ তারেক, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুমন কুমার কুণ্ডু এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেল হক।

সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মাজেদা খাতুন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ইফতেখার আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।