বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্ক টুইটার কেনার বিষয়ে আবার তার মন পরিবর্তন করেছেন। এখন তিনি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির মালিকানা পেতে ইচ্ছুক। খবর বিবিসি।

কয়েক মাস আগে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক। পরে সেই প্রস্তাব থেকে তিনিই সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এখন টুইটারকে দেয়া এক চিঠিতে জানিয়েছেন, আগে প্রস্তাব করা অর্থেই তিনি প্ল্যাটফর্মটি কিনতে চান।

গত এপিলে টুইটার অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেন টেসলার প্রধান মাস্ক। পরে তিনি ক্রয় চুক্তি থেকে মুখ ফিরিয়ে নেন। এরপর বিষয়টি আইনি লড়াইয়ে গড়ায়। এখন দুইপক্ষ আদালতে হাজিরা দেয়ার কয়েক সপ্তাহ আগে মাস্ক অবাক করে দিয়ে ঘুরে দাঁড়ালেন।

মাস্ক যাতে টুইটার কিনতে বাধ্য হন, সে কারণেই মামলাটি দায়ের হয়েছিল। গতকাল মঙ্গলবার দেয়া চিঠিতে ইলোন মাস্কের আইনজীবীরা জানান, লেনদেন সম্পূর্ণ করে আইনি লড়াইয়ের সমাপ্তি চান তিনি।

চিঠি পাওয়ার বিষয়টি টুইটারের একজন মুখপাত্র স্বীকার করেছেন। তিনি জানান, এপ্রিল মাসে দেয়া প্রতিশ্রুতির দামই দিতে চান টেসলা বস।

টুইটার কেনার প্রস্তাবের পর স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে তথ্য চান মাস্ক। পরে সঠিক তথ্য না পেয়ে নিজের দেয়া প্রস্তাব ফিরিয়ে নেন। এ নিয়েই আদালতে যায় টুইটার কর্তৃপক্ষ।

এদিকে ইলোন মাস্কের টুইটার কেনার খবরে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য আবার চাঙা হয়ে উঠেছে। বেড়েছে টেসলার শেয়ার মূল্যও।