জাতীয় বেতন স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমসের তিন কর্মকর্তা। তারা হলেন, সদস্য (কাস্টমস নীতি) হোসেন আহমদ, কমিশনার ড. মোহা. আল আমিন প্রামানিক ও সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) ফারজানা আফরোজ।
এনবিআর সূত্রে জানা গেছে, তাদের মধ্যে হোসেন আহমদ এখন গ্রেড-১ পাওয়ার কথা, পেয়েছেন গ্রেড-২। গত সরকার তাকে বঞ্চিত করেছে। তিনি ২০১৪ সালে গ্রেড-৩ পেয়েছিলেন। তাকে সুপারসিড করে অন্য কর্মকর্তাকে গ্রেড-১ দেয়া হয়েছে।
এদিকে দুজন কমিশনারকে সদস্য পদে চলতি দায়িত্ব দিয়ে তাদেরকে পদায়নও করা হয়েছে। তারা হলেন, সদস্য (আন্তর্জাতিক কর) মো. লুৎফুল আজীম ও সদস্য (কর জরীপ ও পরিদর্শন) মো. খাইরুল ইসলাম।
এছাড়া ছয়জন আয়কর কমিশনারের দপ্তর রদবদল করা হয়েছে। তাদের মধ্যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) ও বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে কর অঞ্চল-২ থেকে কর অঞ্চল-১ এ বদলি করা হয়েছে।










