পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড ও এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে গতকাল এ তথ্য জানানো হয়েছে। 

আলহাজ টেক্সটাইল মিলস: গত ২৩ ফেব্রুয়ারির পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। ওইদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪৬ টাকা ৩০ পয়সা। গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১৭৩ টাকা ৭০ পয়সায়। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৭ টাকা ৪০ পয়সা বা ১৮ দশমিক ৭৩ শতাংশ। এ সময়ের মধ্যে ৫ মার্চ কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৭ লাখ ৬ হাজার ১২০টি শেয়ার লেনদেন হয়েছিল। আর গতকাল কোম্পানিটির ২ লাখ ৫৬ হাজার ৯৪৩টি শেয়ার হাতবদল হয়েছে।

এডিএন টেলিকম: গত ২৬ ফেব্রুয়ারির পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১১৩ টাকা ৪০ পয়সা। গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৫০ পয়সায়। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৩ টাকা ১০ পয়সা বা ৪৬ দশমিক ৮৩ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে ২ মার্চ কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন মোট ২৫ লাখ ৮৭ হাজার ৭৩৩টি শেয়ার লেনদেন হয়। আর গতকাল কোম্পানিটির ১৪ লাখ ৩২ হাজার ৫৪০টি শেয়ার হাতবদল হয়েছে।