নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ইয়েস ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় উদ্যোক্তা প্রতিযোগিতা ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এ ফাইনালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ উদ্যোক্তারা অংশ নেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং গোল্ড কিনেন, কৃষিবিদ গ্রুপ, এআইএ ভেঞ্চারস লিমিটেড ও নূর ইউনিক বিল্ডার্সের সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আইডিয়াকে বাস্তবায়নযোগ্য স্টার্টআপে রূপান্তরের লক্ষ্য নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এনভিশন, ইভলভ, এক্সিকিউট ও ইমার্জ—এ চারটি ধাপে মূল্যায়ন করা হয়।

গ্র্যান্ড ফিনালে পর্বে ছয়টি চূড়ান্ত দল তাদের স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে বিচারক প্যানেলের সামনে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শেয়ারট্রিপের প্রতিষ্ঠাতা কাশেফ রহমান, ক্রিমসন কাপ কফি বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা রেহানুর রহমান এবং চালডাল পিএলসির প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও এনএসইউর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এমএ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, এনএসইউ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং এনএসইউ ইয়েস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মির্জা এম ফেরদৌস।

মূল্যায়ন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিম কর্ম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলটি ইকুইটিমুক্ত সিড ফান্ড হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকা, ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-কক্সবাজার রাউন্ড ট্রিপ বিমান টিকিট, গোল্ড কিনেনের পক্ষ থেকে ২ গ্রামের স্বর্ণবার এবং মেন্টরশিপ ও ইনকিউবেশন সহায়তা পায়।

প্রথম রানার্সআপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় দল ‘টিম মুড়ি মাখা’। তারা অর্জন করে ১ লাখ ৫০ হাজার টাকা, ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা–সিলেট রাউন্ড ট্রিপ বিমান টিকিট এবং ১ গ্রাম স্বর্ণবার। দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম ডিফল্টার্স, যারা পায় ১ লাখ টাকা, ঢাকা-চট্টগ্রাম রাউন্ড ট্রিপ বিমান টিকিট এবং ১ গ্রামের স্বর্ণবার।