সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আজমান শহরে নভেম্বরে আবাসন খাতে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। এ সময়ে ১ হাজার ১২১টি লেনদেন হয়েছে। মূল্যের হিসাবে যা ১৪০ কোটি দিরহাম। অন্যদিকে নভেম্বরে আবাসন খাতের লেনদেন অক্টোবরের তুলনায় ৭৩ শতাংশ বেড়েছে। নগরটির ভূমি ও আবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর ওয়াম নিউজ এজেন্সি।
বিভাগটির মহাপরিচালক ওমর বিন ওমাইর আল মুহাইরি জানান, চলতি বছরের নভেম্বরে শহরটির আবাসন খাতের লেনদেনে রেকর্ড হয়েছে। এর মাধ্যমে নভেম্বরে আগের মাসের চেয়ে লেনদেন ৭৩ শতাংশ বেড়েছে।
এদিকে গত মাসে রেকর্ডসংখ্যক বন্ধকি আবাসন লেনদেন হয়েছে বলে জানিয়েছে ভূমি ও আবাসন বিভাগ। এ সময়ে লেনদেন হয়েছে ১২৩টি। মূল্যের হিসাবে যা ৪৩ কোটি ৭০ লাখ দিরহাম। এর মধ্যে শহরটির আল নাখিল ১ এলাকায় সর্বোচ্চ বন্ধকি লেনদেন সম্পন্ন হয়েছে।
বিভাগটির মহাপরিচালক আরো বলেন, বাণিজ্যিকভাবে অধিক আয় করা বড় প্রকল্পের মধ্যে শীর্ষে রয়েছে এমিরেটস সিটি প্রকল্পটি।










