পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ১৬ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের সুপারিশ আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৯ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৯৮ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৩৪ লাখ টাকা। আগের হিসাব বছরের নিট মুনাফা ছিল ৯ কোটি ৮ লাখ টাকা।










