শিক্ষার্থীদের ওপর হামলা-হত্যার প্রতিবাদ ও কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউনের মধ্যেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। একইভাবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার চালু রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক গতিতে শুরু হয়। তবে এর আগে সকাল থেকে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য কমলেশ চক্রবর্তীর মৃত্যুতে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। এদিকে হিলি থেকে বিভিন্ন রুটে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। তবে তা অন্যদিনের তুলনায় কম। এদিকে কমপ্লিট শাটডাউনের পক্ষে কোথাও কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। তবে হাকিমপুর সরকারি কলেজে ছাত্রলীগের অবস্থান লক্ষ করা গেছে। অপরদিকে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে হিলি স্থলবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বলেন, ‘হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য কমলেশ চক্রবর্তী পরশুদিন পরলোকগমন করেন। তার মৃত্যুর প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখা হয়। এর পর পুনরায় বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক গতিতে শুরু হয়।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। দুপুর ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশ করছে। পণ্য নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাংলা ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে। পণ্য লোড করে নিয়ে ট্রাকগুলো বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। সেই সঙ্গে ভেতরে পণ্য লোড-আপলোডসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।’