স্বল্প আয়ের মানুষের জন্য পেট্রলের দামে প্রণোদনার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির ধারাবাহিকতায় দেশটিতেও বেড়েছে নিত্যপণ্যের দাম। সেই সঙ্গে বেড়েছে পরিষেবা খাতের খরচও। এ অবস্থায় মূল্যস্ফীতি ভাতা দেয়ার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল ইউএই। এবার পেট্রলের দামে ভর্তুকি দেয়ার কথা জানাল দেশটি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, পেট্রলের দাম প্রতি লিটারে বেড়েছে ২ দশমিক ১ দিরহামের বেশি। এ অবস্থায় জ্বালানি তেলের খরচের ৮৫ শতাংশ ভর্তুকি হিসেবে দেয়া হবে স্বল্প আয়ের নাগরিকদের।
স্বল্প আয়ের নাগরিকদের জন্য সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় এ ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে। নতুন জ্বালানি সহায়তা পরিকল্পনা অনুযায়ী পরিবারের প্রধান ব্যক্তি মাসে ৩০০ লিটার জ্বালানি প্রণোদনা হিসেবে পাবেন। অন্যদিকে কর্মজীবী নারী পাবেন ২০০ লিটার।
কয়েক মাস ধরেই ইউএইতে জ্বালানি তেলের দাম বাড়ছে। চলতি বছরের শুরুর সঙ্গে তুলনা করলে তেলের দাম বেড়েছে ৭৪ শতাংশ। জানুয়ারিতে প্রতি লিটার জ্বালানির দাম ছিল ২ দশমিক ৬৫ দিরহাম। জুলাইয়ে দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৩ দিরহামে। দেশটির ঘোষিত মূল্যস্ফীতি সহায়তায় খাদ্য, বিদ্যুৎ ও পানির ওপর প্রণোদনা মিলবে ইউএইবাসীর।









