ভারতের পশ্চিমাঞ্চলে একটি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদন কারখানা করবে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। কারখানাটিতে ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ১০ হাজার কোটি রুপি (১২০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা করেছে। এ উদ্যোগের মাধ্যমে ইভি উৎপাদনে মনোযোগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। খবর দ্য প্রিন্ট।
মাহিন্দ্রার স্থানীয় প্রতিদ্বন্দ্বী টাটা মোটরস। ভারতীয় এ দুই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই দক্ষিণ এশীয় অঞ্চলে বিদেশী নির্মাতাদের ক্রমবর্ধমান প্রতিযোগিতার বিপরীতে নিজস্ব কার্যক্রমগুলোকে আরো শক্তিশালী করার দিকে মনোযোগী। এর ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের উদ্যোগও নেয়া হচ্ছে। তাছাড়া ভারতীয় কর্তৃপক্ষ জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহনের বদলে ২০৩০ সাল নাগাদ বিক্রি হওয়া বাণিজ্যিক গাড়ি ও ট্রাকের ৭০ শতাংশ, ব্যক্তিগত গাড়ির ৩০ শতাংশ, বাস ৪০ শতাংশ এবং দুই ও তিন চাকার ৮০ শতাংশ ইভি করতে চায়।
সিইইডব্লিউ-সেন্টার ফর এনার্জি ফাইন্যান্সের (সিইইডব্লিউ-সিইএফ) গবেষকরা বলছেন, সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হলে ২০৩০ সালে রাস্তায় ইভির সংখ্যা ১০ কোটি ২০ লাখে উন্নীত হবে। যেখানে ২০২১-২২ অর্থবছরে সড়কে ইভির সংখ্যা ছিল ১০ লাখ। অর্থাত্ বড় ধরনের নাটকীয় বৃদ্ধি ঘটতে যাচ্ছে।
বুধবার এক বিবৃতিতে পুনে শহরে ইভি কারখানা তৈরির ঘোষণা দেয় মাহিন্দ্রা। সেখানে বলা হয়, বিনিয়োগ কার্যক্রমটি চলবে সাত-আট বছর ধরে। গত জুলাইয়ে প্রতিষ্ঠানটির বিদ্যুচ্চালিত যানবাহন ইউনিট ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট থেকে ২৫ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। এ নিয়ে ইউনিটটির বাজারমূল্য দাঁড়িয়েছে ৯০০ কোটি ডলারে। প্রতিষ্ঠানটি মূলত ভারতের বৃহত্তম ইভি নির্মাতা টাটা মোটরসকে অনুসরণ করছে। ২০২১ সালের অক্টোবরে টাটা ১০০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছিল। সংস্থাটি এরই মধ্যে তার জনপ্রিয় নিক্সন এসইউভি, সেডানের টিয়াগো রেঞ্জ এবং টিয়াগো হ্যাচব্যাকের বিদ্যুচ্চালিত সংস্করণ চালু করেছে। মাহিন্দ্রাও ২০২৪ সালের মধ্যে জনপ্রিয় এক্সইউভি স্পোর্ট ইউটিলিটি ভেহিকলের ব্যাটারিচালিত সংস্করণ চালুর লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে।
বিদেশী কোম্পানিগুলো রীতিমতো ভারতের ইভি বাজার ধরতে প্রতিযোগিতায় নেমেছে। দেশটিতে জাপানের টয়োটা মোটর ও দক্ষিণ কোরিয়ার হুন্দাই ১১৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। জাপানের সুজুকি মোটর ইভি ব্যাটারির জন্য একটি নতুন কারখানা তৈরি করতে আরো ১২৬ কোটি ডলার বিনিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। সিইইডব্লিউ জানিয়েছে, গত অর্থবছরে ভারতে ১৬ হাজার ৮৫৩ ইউনিট চার চাকার ইভি বিক্রি হয়েছে।










