বিশ্বজুড়ে দুর্বল চাহিদার কারণে মুনাফা কমেছে ফেডএক্সের। এ কারণে ব্যয়ে লাগাম টানতে চাইছে মার্কিন ডেলিভারি পরিষেবা দেয়া প্রতিষ্ঠানটি। পরিকল্পনা অনুযায়ী, ১০০ কোটি ডলারেরও অধিক ব্যয় কমাবে ফেডক্স। খবর সিএনবিসি।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বরের ব্যয় কমানোর ঘোষণা দিয়েছিল ফেডএক্স। বৈশ্বিক চাহিদা কমায় প্রতিষ্ঠানটির কিছু অফিস বন্ধ ও উড়োজাহাজ পার্কিং বাতিল করার মতো বিষয়গুলো আওতাভুক্ত ছিল। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজ সুব্রামানিয়াম ওই সময়ে সতর্ক করে বলেছিলেন, বিশ্ব অর্থনীতি মন্দার মুখোমুখি হবে। ব্যয় কমানোর পাশাপাশি সঞ্চয় বৃদ্ধিতে মনোযোগী হয়েছে প্রতিষ্ঠানটি। ফলে প্যাকেজ ডেলিভারি হার বাড়িয়েছে ফেডএক্স।
প্রতিষ্ঠানটি জানায়, সেপ্টেম্বরের পূর্বাভাসের তুলনায় আরো ১০০ কোটি ডলারের বেশি ব্যয় কমানো হবে। এর মাধ্যমে ২০২৩ অর্থবছরে মোট সঞ্চয়ের পরিমাণ হবে ৩৭০ কোটি ডলার। এটি চলতি অর্থবছরের জন্য সঞ্চয়ের পূর্বাভাসের তুলনায় অধিক।
ফেডএক্সের এক্সপ্রেস ইউনিট থেকেই অতিরিক্ত ব্যয় কমানো হবে। এ ইউনিটের আওতাভুক্ত অতিরিক্ত ফ্লাইট বাতিলের মাধ্যমে ব্যয় কমিয়ে সঞ্চয় বাড়ানো হবে। এছাড়া গ্রাউন্ড ইউনিটের পিকআপ ও ডেলিভারি থেকে ব্যয় কমানো হবে বলেও জানান তিনি।
নভেম্বরে শেষ হওয়া তিন মাসে ফেডএক্সের নিট মুনাফা ৭৮ কোটি ৮০ লাখ ডলারে নেমেছে। যেখানে আগের বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ১০৪ কোটি ডলার। এ সময়ে প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ ২ হাজার ২৮০ কোটি ডলারে নেমেছে। আগের বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৩৫০ কোটি ডলার। আবার এ সময়ে ফেডএক্স শেয়ারপ্রতি ৩ দশমিক ১৮ ডলার মুনাফা পেয়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে এগিয়ে। তবে গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফার পরিমাণ ছিল ৪ দশমিক ৮৩ শতাংশ।
এদিকে ফেডএক্সের পোস্ট করা এক বার্তায় বলা হয়, তার এক্সপ্রেস ইউনিটের মুনাফাও কমেছে। এ বিভাগের পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ সংকুচিত হয়েছে। তবে এ সময়ে ফেডএক্স গ্রাউন্ড বিভাগের পরিচালন মুনাফা আগের বছরের একই তুলনায় ২৪ শতাংশ বেড়েছে।










