উচ্চ শিক্ষার জন্য বিদেশগামী বাংলাদেশী শিক্ষার্থীদের স্টুডেন্ট ফাইল খোলা ও এ-সংক্রান্ত লেনদেন প্রক্রিয়া সহজ করতে ‘এমটিবি স্মার্ট স্টুডেন্ট ব্যাংকিং’ নামে ডিজিটাল স্টুডেন্ট ফাইল পোর্টাল চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দেশের ব্যাংক খাতে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। এমটিবির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
রাজধানীর এমটিবি সেন্টারে সম্প্রতি এক অনুষ্ঠানে পোর্টালটি উদ্বোধন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়িক ও সহায়ক ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমটিবি বলছে, নতুন এ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিদেশে উচ্চ শিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা যেকোনো স্থান থেকে সুবিধাজনক সময়ে স্টুডেন্ট ফাইলের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। পোর্টালে নিবন্ধনের পর প্রয়োজনীয় তথ্য প্রদান, কাগজপত্র আপলোড ও আবেদনের অগ্রগতি অনলাইনে অনুসরণ করা যাবে।
ব্যাংকটি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো বজায় রেখেই প্লাটফর্মটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকসেবার মান ও কাজের গতি বাড়ানোর পাশাপাশি স্টুডেন্ট ফাইল প্রক্রিয়াকরণের সময় কমিয়ে আনার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কাগজপত্রের স্বচ্ছতা ও আবেদন অনুসরণের সুবিধাও নিশ্চিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এমটিবি স্মার্ট স্টুডেন্ট ব্যাংকিং’ পোর্টালটি ব্যাংকের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেয়ার অঙ্গীকারের অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে।









