আম, আনারস, কাঠাল, সবজিসহ মাছ রফতানিতে বড় সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার
(১৩ ফেব্রুয়ারি) কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন
দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি
মাহবুবুল আলম।
তবে এজন্য দেশে নিরাপদ কৃষি অর্থাৎ গ্যাপ (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস)
বাস্তবায়ন জরুরি বলে তিনি মত দেন।
মাহবুবুল আলম বলেন, সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে চীনের ব্যবসায়ী প্রতিনিধি
দল বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি অন্যান্য কৃষিপণ্য
রফতানির সম্ভাবনাও রয়েছে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো.
আমিন হেলালী। তিনি বলেন, আধুনিক সরবরাহ ব্যবস্থা, কুল চেইন, আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি
গড়ে তুলতে পারলে আমাদের কৃষি খাত জাতীয় অর্থনীতিতে আরো বড় অবদান রাখতে পারে।
এ সময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ জানান, জাতীয় অর্থনীতিকে এগিয়ে
নিতে কৃষি খাতের উন্নয়নের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষি মন্ত্রণালয়
নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের কর্মতৎপরতা আগামীতে
আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কৃষির উন্নয়নে মন্ত্রণালয়ের গৃহীত কর্ম-পরিকল্পনা বিষয়ে অবহিত করতে
এফবিসিসিআইকে নিয়ে একটি সেমিনার আয়োজন করা হবে বলে সৌজন্য সাক্ষাতে জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে কৃষি সচিব ওয়াহিদা আক্তার, এফবিসিসিআইর মহাসচিব
মো. আলমগীর ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










