গত বছরের স্বর্ণ ও রুপার উত্তোলন নিয়ে রাশিয়ার অর্থ মন্ত্রণালয় সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বলা হয়েছে, গত বছর দেশটিতে স্বর্ণ উত্তোলন ৯ দশমিক ২৭ শতাংশ বেড়েছে।
তবে এ সময়ে দেশটিতে রুপার উত্তোলন কমেছে ১১ দশমিক ১ শতাংশ।
খবর কিটকো নিউজ।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৯ সালজুড়ে রাশিয়ার খনিগুলো থেকে ৩৪৩ দশমিক ৫৪ টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে।
আগের বছর ৩১৪ দশমিক ৪২ টন স্বর্ণ উত্তোলন করেছিল দেশটি।
সে হিসেবে এক বছরের ব্যবধানে দেশটিতে মূল্যবান ধাতুটির উত্তোলন বেড়েছে ২৯ দশমিক ১২ টন।
একই সময়ে রাশিয়াতে রুপার উত্তোলন আগের বছরের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ কমে ৯৯৬ দশমিক ১৭ টনে নেমেছে।
কয়েক বছর ধরে রাশিয়ার স্বর্ণ উত্তোলন খাতে চাঙ্গা ভাব বজায় রয়েছে।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ মজুদ বৃদ্ধির প্রবণতা এক্ষেত্রে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে।
চলতি বছরের এপ্রিল পর্যন্ত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে মূল্যবান ধাতুটির মজুদ বাড়িয়েছে।
তবে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর সব ধরনের দেশীয় স্বর্ণ ক্রয় বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
চলতি বছরের আগে অভ্যন্তরীণভাবে উত্তোলিত সব নতুন স্বর্ণ ক্রয় করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
১ মে পর্যন্ত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মোট ১২ হাজার ৬০০ কোটি ডলার সমমূল্যের স্বর্ণ মজুদ করেছে।










