বৈশ্বিক এভিয়েশন হাবের মর্যাদা হারাল হংকং। চীনা সরকারের জিরো কভিড নীতির কারণে এ মর্যাদা হারিয়েছে শহরটি। আগামী বছরেও বিধিনিষেধ বহাল থাকলে মহামারী থেকে এভিয়েশন খাতের পুনরুদ্ধার ধীর হবে। খবর রয়টার্স।
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) সম্মেলনে আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, চীনের জিরো কভিড নীতি হংকংয়ের এভিয়েশন খাত ধ্বংস করেছে। একই সঙ্গে এয়ারলাইন ক্যাথে প্যাসিফিককেও কঠিনভাবে আঘাত করেছে।
নভেল করোনাভাইরাস নয়, চীন সরকারের নীতিকে দোষারোপ করে তিনি আরো বলেন, হংকং তার বৈশ্বিক এভিয়েশন হাবের মর্যাদা হারিয়েছে। তবে এটি পূর্বের মর্যাদা ধরে রাখার চেষ্টা করবে। কারণ অন্য হাবগুলো এর সুবিধাগুলো গ্রহণ করছে।
ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে হংকংয়ের পরিচিতি রয়েছে। হাবটি ভ্রমণকারীদের আন্তর্জাতিক গন্তব্যে পৌঁছতে এবং চীনে প্রবেশের জন্য ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে।
তবে সম্প্রতি দীর্ঘ কোয়ারেন্টিন বিধি তুলে দিয়েছে হংকং। আবার সংক্রমণ কমায় বিশ্বব্যাপী উড়োজাহাজে ভ্রমণকারী যাত্রীদের চাহিদা বেড়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা নিষেধাজ্ঞা শিথিলের পর ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে। তবে হংকংয়ের এ খাত পুনরুদ্ধারে ধীর হয়েছে।
আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ আরো বলেন, এ খাতে চীন বিধিনিষেধ শিথিল করবে এমন ইঙ্গিতের জন্য আইএটিএ সার্বক্ষণিকভাবে সতর্ক রয়েছে। কিন্তু যদি আগামী বছরও বিধিনিষেধ বহাল থাকে তাহলে হংকংয়ের এভিয়েশন হাবটি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।










