এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ৫১ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন।

এবার মেডিকেলের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষদের মধ্যে ১১তম স্থান অর্জন করেছেন এই কলেজে শিক্ষার্থী সানজিদা সুলতানা মাহী।

এছাড়াও মো. মাহবুবুর রহমান মোল্লা প্রতিষ্ঠিত ‘ড. মাহবুবর রহমান মোল্লা কলেজ’ থেকে এবার ৩০ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১০৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে এ প্লাস পেয়েছেন ৮৯৯ জন শিক্ষার্থী । পাশের হার শতকরা ৯৯ দশমিক ৮২। 

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে এ কলেজ থেকে ৩৫ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন। একইসঙ্গে বুয়েট ও প্রকৌশলের গুচ্ছ শাখাতেও এখানকার শিক্ষার্থীদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। এছাড়া এ কলেজ থেকে পর্যাপ্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, দুটি কলেজই আমাদের। এখানকার শিক্ষার্থীরা খুবই মেধাবী। উভয় কলেজ থেকেই সন্তোষজনক পরিমাণ শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। 

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও বুয়েটে ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে। 

কলেজের প্রিন্সিপাল বলেন, এখনো মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত সব শিক্ষার্থীর সংখ্যা জানতে পারিনি, তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।