ভারতে গাড়ির কারখানা বিক্রির চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে জেনারেল মোটরস (জিএম)। চীনা গাড়ি নির্মাতা গ্রেট ওয়াল মোটরের কাছে কারখানাটি বিক্রির কথা ছিল মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির। তবে বেইজিং থেকে বিনিয়োগ নিয়ে নয়াদিল্লির কঠোর অবস্থানের কারণে বিক্রির উদ্যোগটি নিয়ন্ত্রক অনুমোদন পেতে ব্যর্থ হয়েছে। খবর রয়টার্স।

২০২০ সালের জানুয়ারিতে গ্রেট ওয়ালের কাছে কারখানাটি বিক্রির জন্য চুক্তিতে পৌঁছেছিল জিএম। ৩০ কোটি ডলারের বিনিময়ে এ চুক্তি সম্পন্ন হওয়ার আশা করা হয়েছিল। চীনা এসইউভি নির্মাতা ভারতের ক্রমবর্ধমান গাড়ির বাজারে উপস্থিতি প্রতিষ্ঠায় ১০০ কোটি ডলার বিনিয়োগের একটি বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবেই এ চুক্তি করেছিল। দুবার মেয়াদ বাড়িয়ে গত ৩০ জুন চুক্তিটি শেষ হয়েছে।

জিএম ইন্টারন্যাশনালের যোগাযোগ বিভাগের নির্বাহী পরিচালক জর্জ সভিগোজ বলেন, আমার চুক্তির সময়সীমার মধ্যে প্রয়োজনীয় অনুমোদন পায়নি। ভারতে আমাদের কৌশল অপরিবর্তিত রয়েছে। আমরা এখন কারখানাটি বিক্রির জন্য অন্য বিকল্পগুলো অন্বেষণ করব। সম্পত্তির মূল্য প্রতিফলিত করে এমন একটি দাম আশা করছি আমরা। এদিকে চীনা গাড়ি নির্মাতা একটি বিবৃতিতে বলেছে, গ্রেট ওয়াল মোটর ভবিষ্যতে ভারতীয় বাজারে প্রবেশের মনোযোগ অব্যাহত রাখবে। এজন্য নতুন সুযোগের সন্ধান চালিয়ে যাওয়া হবে।

বিষয়টি নিয়ে তাত্ক্ষণিকভাবে ই-মেইলের জবাব দেয়নি ভারত সরকার। চীনসহ প্রতিবেশী দেশগুলো থেকে বিনিয়োগ নিয়ে ভারত ২০২০ সালের এপ্রিলে অবস্থান কঠোর করার কয়েক মাস আগেই গ্রেট ওয়ালের সঙ্গে জিএমের চুক্তিটি সম্পন্ন হয়েছিল। নয়াদিল্লির এ নীতি অটোমোবাইল ও প্রযুক্তির মতো খাতে কোটি কোটি ডলার মূলধন প্রবাহকে আটকে দিয়েছে। এ পদক্ষেপ কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে চীনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণ আরোপের অংশ ছিল।

সে সময় নয়াদিল্লিও জাতীয় নিরাপত্তা অজুহাতে টিকটকসহ ৩০০টিরও বেশি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে। এমন পদক্ষেপের পরও জিএম ও গ্রেট ওয়াল দুই বছর ধরে নিজেদের চুক্তিটি অনুমোদনের চেষ্টা করে আসছিল। যদিও শেষ পর্যন্ত সেটি বাতিল হয়েছে। ফলে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে পুনরায় ক্রেতার সন্ধান করতে হচ্ছে এবং কারখানায় কিছু যন্ত্রপাতি ও টুলের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ ব্যয় করে যেতে হচ্ছে।