ইউরোপের অন্যতম ফ্যাশন জায়ান্ট সুইডিশ এইচঅ্যান্ডএম। বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, লাগাতার লোকসানের লাগাম টানতে ব্যয় সাশ্রয়ের উপায় হিসেবে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে ইউরোপের প্রধান সারির বড় খুচরা বিক্রেতাদের মধ্যে এইচঅ্যান্ডএমই প্রথম যারা কঠোর শ্রমবাজার ও জীবনযাত্রার সংকট পরিস্থিতির মধ্যেও বড় সংখ্যক কর্মী বাদ দিচ্ছে। এ ছাঁটাইয়ের মাধ্যমে ২০০ কোটি সুইডিশ ক্রাউন (১৯ কোটি ডলার) সাশ্রয়ের চেষ্টা করছে ব্র্যান্ডটি। খবর রয়টার্স।

বিশ্বের দ্বিতীয় নম্বর ব্র্যান্ডটি প্রধানত প্রশাসনিক কর্মীদের সংখ্যা হ্রাসের জন্য পদক্ষেপ নিচ্ছে। ধারণা করা হচ্ছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত ব্যয় এবং ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে কোম্পানিগুলোর ওপর নগদ সঞ্চয়ের চাপ বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত। এইচঅ্যান্ডএমের জনবল প্রায় ১ লাখ ৫৫ হাজার। তবে কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপটি মূলত প্রতি বছর ২ বিলিয়ন সুইডিশ ক্রাউন বাঁচাতে সেপ্টেম্বরে গৃহীত পরিকল্পনার অংশ।

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হারগ্রিভস ল্যান্সডাউনের জ্যেষ্ঠ বিশ্লেষক সুসান্নাহ স্ট্রিটার একটি নোটে বলেছেন, ফ্যাশনের খুচরা খাতগুলো যে সমস্যার মুখোমুখি এটি হচ্ছে তার লক্ষণ। তিনি আরো যোগ করেন, জ্বালানি দামের অস্থিরতায় অভিজাত শোরুমগুলোকে আলোকিত ও উষ্ণ রাখার কার্যক্রম ক্রমে অসাধ্য হয়ে উঠছে।

সেপ্টেম্বর প্রান্তিকে এইচঅ্যান্ডএমের বিক্রি প্রত্যাশার তুলনায় অনেক কম হয়েছে। তারা পর্যবেক্ষণ করেছে যে ভোক্তারা হাত খুলে তাদের পণ্য কিনছে না। বিষয়টি মূলত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী জারা ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতাকে আরো প্রকট করে।

বিপরীতে ইন্ডিটেক্স মালিকানাধীন জারা বেশ ভালো অবস্থানে রয়েছে। সেপ্টেম্বর প্রান্তিকে ফ্যাশন ব্র্যান্ডটি বিক্রয় বৃদ্ধির প্রতিবেদন প্রকাশ করে। তবে ক্রমবর্ধমান খরচের সঙ্গে সমন্বয় করার জন্য পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করেছে তারা। এদিকে অনলাইন ব্র্যান্ডগুলো থেকেও কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এইচঅ্যান্ডএম। যেমন ফ্যাশন খুচরা বিক্রেতা প্রাইমার্ক তার কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও স্পেনে ১ হাজার ৮০০ নতুন কর্মী নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।

তাছাড়া ক্রেতাদের প্রবণতার পরিবর্তনও লক্ষণীয়। অনেক ক্ষেত্রেই তারা পণ্য কিনতে দরকষাকষি করছেন এবং প্রাইমার্কসহ হাইস্ট্রিট ব্র্যান্ডগুলোর দিকে ঝুঁকছেন। স্বাভাবিকভাবেই এগুলো এইচঅ্যান্ডএমকে চাপে ফেলেছে। এইচঅ্যান্ডএমের বিনিয়োগ সম্পর্ক বিভাগের প্রধান নিলস ভিঞ্জ রয়টার্সকে বলেন, আমরা একটি বড় পরিবর্তনের মধ্যে আছি এবং গোটা খুচরা শিল্প বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন।

এদিকে বুধবার, ইউএস ফুড ডেলিভারি সার্ভিস ডোরড্যাশ ইনক জানায়, ব্যয়ের লাগাম টেনে ধরার প্রয়াসে প্রায় ১ হাজার ২৫০ জন কর্মীকে ছাঁটাই করা হবে।