ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত জ্বালানি জায়ান্ট পেট্রোব্রাস। প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে পেট্রেলিও ব্রাসিলেইরো নামেও পরিচিত। ব্রাজিলে যে পরিমাণ জ্বালানি তেল উৎপাদন হয়, তার ৭৫ শতাংশই উত্তোলন করে পেট্রোব্রাস। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি আগামী পাঁচ বছরের বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করে। আগামী পাঁচ বছরে ৭ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে প্রতিষ্ঠানটি, যা আগের তুলনায় ১৫ শতাংশ বেশি। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি উৎপাদন কৌশল কিছুটা পরিবর্তনের দিকেও নজর দিচ্ছে পেট্রোব্রাস। খবর রয়টার্স।

প্রেসিডেন্ট জইর বোলসোনারোর অধীনে অনুমোদিত পেট্রোব্রাসের ব্যবসায়িক পরিকল্পনাটিও আগামী বছর বাতিল করা হতে পারে। কারণ কট্টরপন্থী জইর বোলসোনারোকে হারিয়ে ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। নবনির্বাচিত সরকার ১ জানুয়ারি কার্যভার গ্রহণ করতে যাচ্ছে। তিনি কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তনসহ ব্যবসায়িক কৌশলগুলোও পর্যালোচনার ইঙ্গিত দিয়েছেন।

স্থানীয়ভাবে পরিচিত পেট্রেলিও ব্রাসিলেইরো ২০২৩ থেকে ২০২৭ সাল নাগাদ বিনিয়োগের যে পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সেখানে ২০২২ থেকে ২০২৬ সালের তুলনায় ১ হাজার কোটি ডলার পরিমাণ অর্থ বেশি বিনিয়োগ করা হবে। এদিকে ২০২৩ সাল থেকে দৈনিক জ্বালানি তেল উৎপাদন লক্ষ্যমাত্রা কমানো হলেও ব্যয়ের পরিমাণ বেড়েছে। এক্ষেত্রে কূপ খননের জন্য উচ্চ ব্যয় বিনিয়োগের খরচ বৃদ্ধির বিষয়টিকে ত্বরান্বিত করে। তাছাড়া চলমান প্রকল্পগুলো ঘিরে স্বল্পমেয়াদে কূপ খননেরও অনুমতি দেয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

২০২৭ সাল নাগাদ ৩১ লাখ বারেল সমতুল্য জ্বালানি তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর হচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে কার্বন নিঃসরণ রোধে বিনিয়োগ বাড়িয়েছে পেট্রোব্রাস। আগে মোট উৎপাদন প্রক্রিয়া থেকে কার্বন নিঃসরণের মাত্রা ৪ শতাংশ কম করার কথা বললেও এখন কম কার্বন নিঃসরণ ৬ শতাংশ কমানোর লক্ষ্য প্রতিষ্ঠানটির। এছাড়া কার্বন তহবিল বাড়িয়ে ৬০ কোটি ডলারে নিয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ। কোম্পানিটি কার্বনের জন্য উচ্চমূল্য নির্ধারণ করেছে—টনপ্রতি আগের নির্ধারিত ৫০ থেকে ৯০ ডলার।

জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নবনির্বাচিত লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা জানান, পেট্রোব্রাসের জীবাশ্ম জ্বালানির বাইরেও বিনিয়োগ করা উচিত। ২০০৩ থেকে ২০১০ সালে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন জ্বালানি জায়ান্ট হিসেবে পেট্রোব্রাসের যেমন দাপট ছিল তা আবার ফিরিয়ে আনতে চান তিনি।

পেট্রোব্রাসের ব্যবস্থাপকরা অবশ্য বিক্রয় বৃদ্ধির সঙ্গে অগ্রসরের পরিকল্পনা করেছেন। ধারণা করা হচ্ছে, লুলা দ্য সিলভা ডিসেম্বরের মাঝামাঝি পেট্রোব্রাসের পরবর্তী প্রধান নির্বাহী কে হবেন সে বিষয়ক সিদ্ধান্ত নেবেন। বর্তমান প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন অ্যান্ড্রেড, যাকে বোলসোনারো নিযুক্ত করেছিলেন। আন্ড্রেড অবশ্য এপ্রিলে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পদে থাকার জন্য প্রস্তুত বলে মনে করেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টরা।